রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও প্রাণিবিজ্ঞান বিভাগের অধ্যাপক আনন্দ কুমার সাহাকে হত্যার হুমকির ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে প্রগতিশীল শিক্ষকসমাজ। ৩৫১ জন প্রগতিশীল শিক্ষক গতকাল শনিবার লিখিত বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানান।একই দিন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিসহ ক্যাম্পাসের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনও হত্যার হুমকির ঘটনায় প্রতিবাদ জানায় ও জড়িত ব্যক্তিদের শাস্তির দাবিতে লিখিত বিবৃতি দিয়েছে।এসব বিবৃতিতে বলা হয়, আনন্দ কুমার সাহা বিভিন্ন সভা-সমাবেশে জোরালোভাবে যুদ্ধাপরাধীদের বিচার দাবি করেছেন। এ কারণেই তাঁকে স্বাধীনতাবিরোধী ও সাম্প্রদায়িক মৌলবাদী গোষ্ঠী পরিকল্পিতভাবে হত্যার হুমকি দিয়েছে। বিবৃতিতে ঘটনার তদন্ত করে দোষী ব্যক্তিদের বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে সরকারের প্রতি দাবি জানানো হয়। পাশাপাশি আনন্দ কুমার সাহাসহ ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করার দাবি এবং যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত করতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়।গত বৃহস্পতিবার আনন্দ কুমার সাহাকে হত্যার হুমকি দেওয়া হয়। এ ঘটনায় তিনি গত শুক্রবার মতিহার থানায় জিডি করেন।