শিক্ষকসংকট, পাঠদান ব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষকসংকটে ব্যাহত হচ্ছে নোয়াখালীর চাটখিল পাঁচগাঁও মাহবুব সরকারি কলেজের পাঠদান কার্যক্রম। ১০ মাস ধরে অধ্যক্ষের পদ শূন্য। রয়েছে তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীর সংকটও।
কলেজ থেকে প্রতি মাসে শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট দপ্তরে এ-সংক্রান্ত প্রতিবেদন পাঠিয়েও কোনো কাজ হচ্ছে না। এ নিয়ে হতাশা প্রকাশ করেছেন কলেজের ছাত্রছাত্রী ও তাঁদের অভিভাবকেরা। অভিভাবকদের অভিযোগ, শিক্ষকসংকটের কারণে তাঁদের সন্তানদের পড়ালেখা ব্যাহত হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কলেজটিতে অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সহকারী অধ্যাপক ও প্রভাষকের পদ রয়েছে ২৪টি, এর মধ্যে কর্মরত আছেন ১২ জন। বাংলা, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস, হিসাববিজ্ঞান ও ব্যবস্থাপনা বিষয়ে দুটি করে পদের মধ্যে একটি করে শূন্য পড়ে আছে মাসের পর মাস।
এ ছাড়া ইসলামের ইতিহাস বিষয়ে দুটি এবং কৃষি শিক্ষা বিষয়ে একটি পদ শূন্য পাঁচ বছরের বেশি সময় ধরে। সূত্র জানায়, ১০ মাস ধরে কলেজটিতে অধ্যক্ষের পদও খালি। উপাধ্যক্ষ আ ফ ম রুহুল আমিন ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন।
সূত্র জানায়, শিক্ষকসংকটের কারণে কলেজে একাদশ, দ্বাদশ ও স্নাতক শ্রেণির তিন হাজারের বেশি ছাত্রছাত্রীর পাঠদান ব্যাহত হচ্ছে। রয়েছে তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীর সংকটও। ১৭ জন কর্মচারীর পদ থাকলেও আছেন মাত্র ১১ জন। এ কারণে দাপ্তরিক কাজকর্মে সমস্যা হয়।
নাম প্রকাশ না করার শর্তে একাদশ শ্রেণির একাধিক ছাত্র জানায়, শিক্ষকসংকটের কারণে ঠিকমতো ক্লাস হয় না। আবার যাঁরা কর্মরত, তাঁরাও ক্লাসের প্রতি খুব একটা মনোযোগী নন। এ অবস্থায় কলেজের প্রায় তিন হাজার শিক্ষার্থীর শিক্ষাজীবন অনিশ্চয়তার মুখে পড়েছে।
চাটখিল পৌর এলাকার বাসিন্দা আবদুল মতিন ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘সরকারি কলেজে এখন আর আগের মতো পড়ালেখা হয় না। শিক্ষকসংকটই এর প্রধান কারণ। গ্রামের সরকারি কলেজে বদলি হয়ে কেউ আসতে চান না। সবাই চলে যেতে চান। এতে আমাদের সন্তানদের পড়ালেখা কিছুই হয় না।’
ভারপ্রাপ্ত অধ্যক্ষ আ ফ ম রুহুল আমিন শিক্ষকসংকটের কারণে পাঠদান ব্যাহত হওয়ার কথা স্বীকার করেন। তিনি প্রথম আলোকে বলেন, শিক্ষকসংকটের কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বারবার জানিয়েও কোনো কাজ হচ্ছে না।
আ ফ ম রুহুল আমিন বলেন, অধ্যক্ষের পদটি শূন্য থাকায় তাঁকে দুজনের কাজ করতে হচ্ছে। এ ছাড়া কর্মচারী না থাকায় দাপ্তরিক কাজকর্মেও ভোগান্তির শিকার হতে হয়।