খুলনা বিভাগীয় সরকারি দৃষ্টি ও বাকশ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয়
শিক্ষকসংকট, ভবন ও ছাত্রাবাস জরাজীর্ণ

খুলনা বিভাগীয় সরকারি দৃষ্টি ও বাকশ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয়ে শিক্ষকসংকটের কারণে পাঠদান ব্যাহত হচ্ছে। শিক্ষকের সাত পদের মধ্যে চারটি শূন্য। ১০৬ শিক্ষার্থীর জন্য এই বিদ্যালয়ে দুটি ছাত্রাবাস ও দুটি ছাত্রীনিবাস থাকলেও সেগুলো বসবাসের জন্য অনুপযোগী হয়ে পড়েছে। একাডেমিক ভবনও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
বিদ্যালয় থেকে জানা গেছে, ১৯৬২ সালে নগরের ফুলমার্কেট এলাকায় একটি ভাড়াবাড়িতে বিদ্যালয়টির যাত্রা শুরু হয়। ১৯৬৪ সালে ৪ দশমিক ৪০ একর নিজস্ব জমির ওপর নগরের খালিশপুরে বিদ্যালয়টি যাত্রা শুরু করে। শুরু থেকে বিদ্যালয়ে পঞ্চম শ্রেণি পর্যন্ত ক্লাস চলত। দুই বছর আগে বিদ্যালয়ে পঞ্চম শ্রেণি থেকে এসএসসি পর্যন্ত উন্নীত করা হয়।
বিদ্যালয়ে শিক্ষকদের মধ্যে তত্ত্বাবধায়ক পদে রয়েছেন একজন, শিক্ষকের মধ্যে প্রধান শিক্ষকের দুটি পদের আছেন একজন। কারিগরি শিক্ষকের ছয়টি পদে আছেন চারজন। হাউস প্যারেন্ট শিক্ষকের একটি পদ থাকলেও তা শূন্য। অন্যান্য পদের মধ্যে অফিস সহকারীর দুটি পদে একজন আছেন। গুদামরক্ষক, থার্মোফোন অপারেটর ও গাড়িচালকের একটি করে পদ থাকলেও তা শূন্য। সেবিকার দুটি পদ থাকলেও তা শূন্য। এমএলএসএসের ১৬ পদের নয়টি শূন্য। বর্তমানে শিক্ষকসংকটের জন্য অতিথি শিক্ষক দিয়ে পাঠদান চলছে। ভবনগুলো জরাজীর্ণ।
একাধিক শিক্ষক ও কর্মচারী জানান, শুরু থেকে বিদ্যালয়টি পঞ্চম শ্রেণি পর্যন্ত ছিল। বর্তমানে তা এসএসসি পর্যন্ত উন্নীত করা হয়েছে। কিন্তু তার জন্য প্রয়োজনীয় জনবল বৃদ্ধি করা হয়নি। বিদ্যালয়টির পাঠদানের জন্য কমপক্ষে ২০ জন শিক্ষক প্রয়োজন, আছেন মাত্র তিনজন। এতে শিক্ষার্থীরা শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে।
সরেজমিনে দেখা গেছে, একাডেমিক এবং ছাত্রাবাস ও ছাত্রীনিবাসের ছাদ থেকে পলেস্তারা খসে পড়ছে। ছাদ চুইয়ে পানি পড়ছে। জানালা-দরজার গ্রিলগুলোতে মরচে ধরে গেছে। সীমানাদেয়ালের অস্তিত্ব নেই।
বিদ্যালয়ের তত্ত্বাবধায়ক কাজী মোহম্মদ ইব্রাহিম বলেন, ‘প্রায় ৫১ বছর আগের ভবন এগুলো। এর অবস্থা অত্যন্ত খারাপ। পর্যায়ক্রমে মেরামত ও সংস্কারের কাজ চলছে। নতুন ভবন নির্মাণ প্রক্রিয়াধীন। ৪৩ জন শিক্ষক-কর্মচারী থাকার কথা থাকলে আছেন মাত্র ১৯ জন। জরুরি সেবাদানের জন্য নেই কোনো সেবিকা। তবে পিইসি ও জেএসসি পাসের হার শতভাগ। আমরা প্রতিবছর শিশুদের জন্মদিন পালন, ক্রীড়া প্রতিযোগিতা, ধর্মীয় জ্ঞানের প্রতিযোগিতা, বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন করে থাকি।’