শ্রেণিকক্ষ আছে দুটি। ক্লাস হচ্ছে একটিতে। সেখানে পরপর তিন সারিতে বসেছে যথাক্রমে প্রাক্-প্রাথমিক, প্রথম ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীরা। শিক্ষক বলতে একজনই। তিনি একবার এক শ্রেণির গাণিতিক সমস্যার সমাধান করছেন, পরক্ষণেই আরেক শ্রেণির ইংরেজি বানান ঠিক করে দিচ্ছেন।
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে ৩ মে দুপুর ১২টার দিকে এ দৃশ্য দেখা গেছে। বিদ্যালয় সূত্রে জানা গেছে, শিক্ষকসংকটের কারণে এখানে প্রায় প্রতিদিনই এভাবে চলে পাঠদান। শিক্ষকের অভাবে বেশির ভাগ সময় একজনকেই পুরো বিদ্যালয় সামলাতে হয়। আর দাপ্তরিক কাজে উপজেলা বা জেলা শহরে যেতে হলে বন্ধ থাকে পাঠদান।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, বিদ্যালয়ে মোট শিক্ষার্থী ২৭২ জন। প্রধান শিক্ষকসহ শিক্ষকের মোট পদ ছয়টি। বর্তমানে চারটি পদই শূন্য। যে শিক্ষককে পড়াতে দেখা গেল, তাঁর নাম মো. হাদিউজ্জামান। তিনি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্বে রয়েছেন। নূরে আলম সিদ্দিকি নামের আরেকজন শিক্ষক রয়েছেন। তবে তিনি প্রায়ই অনুপস্থিত থাকেন বলে অভিযোগ রয়েছে। ওই দিনও (৩ মে) তাঁকে পাওয়া যায়নি।
উপজেলার ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোলাম রাব্বী জানান, অনুপস্থিতির অভিযোগে গত বছরও নূরে আলম সিদ্দিকির বেতন একবার বন্ধ রাখা হয়েছিল। এরপরও তিনি সচেতন হননি।
ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আরও বলেন, একজন শিক্ষকের অভাব থাকলে প্রেষণে কাউকে দেওয়া যায়। কিন্তু এতগুলো শূন্যপদে তো আর প্রেষণে শিক্ষক আনা যায় না। তা ছাড়া জেলা অফিস থেকে নিয়োগ দেওয়া হয়। তাই নতুন শিক্ষক নিয়োগের বিষয়টি তাঁদের হাতে নেই। তিনি জানান, শুধু জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় নয়, হাওর এলাকা হওয়ায় তাহিরপুরের বেশির ভাগ বিদ্যালয়েই শিক্ষকসংকট রয়েছে।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, সরেজমিনে দেখে আসার চার দিন পর নূরে আলম সিদ্দিকি কর্মস্থলে যোগদান করেছেন। মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, পারিবারিক সমস্যার কারণে ওই সময় তিনি অনুপস্থিত ছিলেন। গত বছরের ঘটনার বিষয়ে তিনি দাবি করেন, শারীরিক অসুস্থতার কারণে তিনি তখন কর্মস্থলে থাকতে পারেননি।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. হাদিউজ্জামান জানান, প্রায় চার বছর ধরে বিদ্যালয়টিতে শিক্ষকের এমন সংকট চলছে। তিনি জানান, পরীক্ষা হলে শুরু হয় বড় বিড়ম্বনা। তখন বাধ্য হয়ে পরীক্ষা কার্যক্রম চালাতে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সহায়তা নিতে হয়। যারা এখন উচ্চবিদ্যালয়ে পড়ছে বা এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে, তাদের দিয়ে কিছু কাজ করানো হয়।
বিদ্যালয়ের অভিভাবক সমিতির সহসভাপতি মো. আল আমিন জানালেন, প্রত্যন্ত অঞ্চলে অবস্থানের কারণে কোনো শিক্ষকই এখানে বেশি দিন থাকেন না। তদবির করে বদলি হয়ে যান। ফলে শিক্ষকসংকট এখানে নিত্যদিনের সমস্যা।