কিশোরগঞ্জের নিকলী উপজেলার উত্তর জাল্লাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকসংকটের কারণে ছাত্ররাই ‘শিক্ষকতা’ করছে। পঞ্চম শ্রেণির ছাত্রকে দিয়ে চতুর্থ শ্রেণির, চতুর্থ শ্রেণির ছাত্রকে দিয়ে তৃতীয় শ্রেণির ক্লাস নেওয়া হচ্ছে।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, বিদ্যালয়ে ২৫৫ জন শিক্ষার্থীর বিপরীতে শিক্ষক রয়েছেন দুজন। এতে প্রাক্-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পাঠদানসহ সার্বিক কর্মকাণ্ড বিঘ্নিত হচ্ছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ১০ সেপ্টেম্বর থেকে একটি হত্যা মামলার আসামি হওয়ায় স্কুলে আসেন না প্রধান শিক্ষক আবদুল মতিন। সহকারী শিক্ষক তৈয়ব আলী ২০১৪ সালের ৩১ ডিসেম্বর অবসরে যান। সহকারী শিক্ষক মালতি সূত্রধর ২০১৪ সালের ২৯ জুন বদলি হয়ে অন্যত্র চলে যান। আরেক সহকারী শিক্ষক ফারজানা আক্তারও ওই বছরের ৭ মে বদলি হয়ে চলে যান। এমনকি সহকারী শিক্ষক নাছিমা আক্তার ১০ অক্টোবর থেকে বিনা অনুমতিতে বিদ্যালয়ে অনুপস্থিত রয়েছেন। বর্তমানে ফাতেমা বেগম ও ২০১৪ সালের ২৬ ডিসেম্বর নিয়োগ পাওয়া শিক্ষক ইকবাল হোসেন বিদ্যালয়ে পাঠদান চালিয়ে যাচ্ছেন।
সম্প্রতি বিদ্যালয়ে গিয়ে কথা হয় শিক্ষক ফাতেমা বেগম ও ইকবাল হোসেনের সঙ্গে। তাঁরা জানান, বিদ্যালয়ের দাপ্তরিক কাজসহ পাঠদান সবই শিক্ষার্থীদের সহযোগিতায় করতে হচ্ছে। দুজন শিক্ষকের পক্ষে বিদ্যালয়ের সব কটি ক্লাস নেওয়া সম্ভব নয়। বাধ্য হয়ে পঞ্চম শ্রেণির ছাত্র বায়েজিত মিয়াকে দিয়ে চতুর্থ শ্রেণির, চতুর্থ শ্রেণির শিক্ষার্থী তিসা আক্তারকে দিয়ে তৃতীয় শ্রেণির ক্লাস নেওয়া হয়।
ফাতেমা জানান, শিক্ষকসংকটে বিদ্যালয়ে ছাত্রছাত্রী কমে যাচ্ছে। গত বছর ছিল ৩৩০ জন শিক্ষার্থী। এ বছর তা ২৫৫ জন। শিক্ষকসংকটে অভিভাবকেরা এলাকায় এনজিওচালিত বিদ্যালয়গুলোতে তাঁদের ছেলেমেয়েদের ভর্তি করাচ্ছেন। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জিয়া উদ্দিন বলেন, ‘আমি তিন মাস ধরে উপজেলা শিক্ষা কর্মকর্তাকে শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য বলছি। কিন্তু কোনো কাজ হচ্ছে না।’
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবু তাহের ভূঁইয়া জানান, প্রধান শিক্ষক মতিন ও সহকারী শিক্ষক নাছিমা আক্তার অফিসকে না জানিয়ে বিদ্যালয়ে অনুপস্থিত থাকায় তাঁদের বেতন বন্ধ রয়েছে। বিষয়টি জেলা শিক্ষা কর্মকর্তাকে জানানো হয়েছে। শিক্ষক-শিক্ষিকা নিয়োগের প্রক্রিয়া চলছে। নতুন নিয়োগ পাওয়া শিক্ষকদের দিয়ে শূন্য পদ পূরণ করা হবে। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মাওলা বলেন, ‘বিষয়টি আপনার কাছ থেকে প্রথম শুনলাম। এর আগে আমাকে কেউ বিষয়টি জানাননি। উপজেলা শিক্ষা কর্মকর্তার সঙ্গে আলোচনা করে দ্রুত শিক্ষক নিয়োগ দেওয়ার চেষ্টা করব।’