শিক্ষকসংকটে পঞ্চগড়ের এমআর সরকারি কলেজ
পঞ্চগড়ের মকবুলার রহমান (এমআর) সরকারি কলেজে শিক্ষকসংকটে শিক্ষার্থীরা সুষ্ঠু ও কাঙ্ক্ষিত শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছেন। জেলার উচ্চশিক্ষার একমাত্র সরকারি প্রতিষ্ঠান এই কলেজে অধ্যক্ষ, উপাধ্যক্ষসহ শিক্ষকের পদসংখ্যা ৪৩। কিন্তু বর্তমানে আছেন মাত্র ৩০ জন। উদ্ভিদবিজ্ঞান বিভাগে কোনো শিক্ষকই নেই।
কলেজ থেকে জানা যায়, ১৯৬৫ সালে প্রতিষ্ঠিত এই শিক্ষাপ্রতিষ্ঠানটি ১৯৮৩ সালে জাতীয়করণ করা হয়। ১৯৯৮-৯৯ শিক্ষাবর্ষে বাংলা, ইংরেজি, ইতিহাস, হিসাববিজ্ঞান, ব্যবস্থাপনা এবং গত শিক্ষাবর্ষে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে স্নাতক কোর্স চালু হয় এখানে। চলতি শিক্ষাবর্ষ থেকে পাঁচটি বিষয়ে স্নাতকোত্তর পর্যায়েও পাঠদান শুরু হয়। এতে করে জেলার নিম্ন আয়ের পরিবারের সন্তানেরাও বাড়িতে থেকে উচ্চশিক্ষার সুযোগ পাচ্ছেন। কিন্তু শিক্ষকসংকটে তাঁদের উচ্চশিক্ষা ব্যাহত হচ্ছে। বর্তমানে এখানে প্রায় চার হাজার শিক্ষার্থী রয়েছেন।
কলেজের বাংলা, অর্থনীতি ও ব্যবস্থাপনা—প্রতিটি বিষয়ে দুজন করে, ইংরেজি, রাষ্ট্রবিজ্ঞান ও প্রাণীবিজ্ঞান বিষয়ে একজন করে এবং হিসাববিজ্ঞানে তিনজন শিক্ষকের পদ দীর্ঘদিন ধরে শূন্য। এখানে কোনো পাঠাগার নেই। শরীরচর্চা ও প্রদর্শকের দুটি পদও দীর্ঘদিন ধরে শূন্য।
শিক্ষার্থীরা জানান, কলেজটির সবচেয়ে বড় সমস্যা শিক্ষকের। কোনো কোনো বিভাগ তো মাত্র একজন শিক্ষক দিয়ে চলে। শিক্ষক না থাকায় তাঁদের ফলও ভালো হয় না বলে জানান এসব শিক্ষার্থী।
শিক্ষকসংকটের কথা স্বীকার করে উপাধ্যক্ষ দেলোয়ার হোসেন প্রধান বলেন, ‘পঞ্চগড় জেলায় এটাই একমাত্র স্নাতকোত্তর কলেজ। পঞ্চগড় ছাড়াও পাশের অনেক জেলার শিক্ষার্থীরাও এখানে পড়ে। প্রয়োজনীয় শিক্ষক না থাকায় পাঠদান ব্যাহত হচ্ছে। খণ্ডকালীন শিক্ষক দিয়ে ক্লাস চালানোর ব্যবস্থা নেওয়া হলেও পড়াশোনার মান ধরে রাখা যাচ্ছে না। প্রয়োজনীয়সংখ্যক শিক্ষকের পদ সৃষ্টি ও শূন্যপদে নিয়োগের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তর এবং শিক্ষা মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে।’