শিক্ষকসংকটে পাঠদান ব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার আদিনা এ কে ফজলুল হক সরকারি কলেজ। শিক্ষার্থীর সংখ্যা প্রায় ২ হাজার ২০০। শিক্ষকের পদ রয়েছে ৪৭টি। এর মধ্যে ২০টিই শূন্য। এ ছাড়া যে কয়জন শিক্ষক আছেন, তাঁরা নিয়মিত আসেন না। এসব কারণে পাঠদান ব্যাহত হচ্ছে।
কলেজ কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, কলেজটি ১৯৩৮ সালে প্রতিষ্ঠিত, ১৯৮৬ সালে জাতীয়করণ হয়। কলেজটিতে ২০০৬ সালে ইংরেজি, গণিত, উদ্ভিদবিদ্যা, ইতিহাস, দর্শন ও রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক (সম্মান) কোর্স চালু করা হলেও শিক্ষক-কর্মচারীর পদ বৃদ্ধি করা হয়নি। শিক্ষকদের আবাসিক হল নেই। ছাত্রীদের জন্য হোস্টেল নেই। ছাত্রদের হোস্টেলেও আসনসংখ্যা কম। এ ছাড়া শ্রেণিকক্ষের সংকটও চরম। অধিকাংশ শিক্ষক আসেন প্রায় ৭০ কিলোমিটার দূরের রাজশাহী শহর থেকে। এসব কারণে নিয়মিত পাঠদান সম্ভব হয় না। তাই শিক্ষার্থীদের উপস্থিতি অত্যন্ত কম।
গত বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সরেজমিনে দেখা গেছে, উপজেলা সদর থেকে প্রায় সাড়ে ছয় কিলোমিটার দূরে কলেজটির চারদিকে সুনসান। চত্বরের কয়েকটি স্থানে চার-পাঁচজন করে শিক্ষার্থীর জটলা। ক্যাম্পাস ঘুরে ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, এ দিন বড়জোর ৫০ জন শিক্ষার্থী কলেজে আসেন। এমনিতেই কলেজে নিয়মিত পাঠদান করা হয় না। তার ওপর সামনে পরীক্ষা। এ কারণে বাড়িতেই চলছে পরীক্ষার প্রস্তুতি। তাই শিক্ষার্থীদের উপস্থিতি এত কম। কয়েকজন শিক্ষার্থী প্রথম আলোকে বলেন, অন্য সময় প্রতিদিন ২০০ থেকে ২৫০ জন শিক্ষার্থী আসেন। শিক্ষকদের দাবি, এ সংখ্যা প্রায় ৫০০।
ইতিহাস বিভাগের একজন শিক্ষক বলেন, বদলি হয়ে এ কলেজে কোনো শিক্ষক আসার পর থেকেই অন্য কলেজে বদলির জন্য তদবির শুরু করেন। শিক্ষকদের থাকা-খাওয়ার কোনো ব্যবস্থা নেই। সম্প্রতি সহযোগী অধ্যাপক হিসেবে পদোন্নতি পাওয়া একজন নারী শিক্ষককে ঢাকা থেকে এ কলেজের দর্শন বিভাগে বদলি করা হয়। কিন্তু তিনি যোগদান করেননি। অন্যত্র বদলির জন্য তদবির করছেন বলে শোনা গেছে। বাইরে থেকে আসা নারী শিক্ষকদের জন্য এখানে থাকার কোনো ব্যবস্থা নেই।
ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক জাহাঙ্গীর আলম বলেন, এ কলেজে ১১ বছর ধরে শিক্ষকতা করছেন তিনিসহ উপজেলার তিনজন। বিভিন্ন বিভাগে একজন করে শিক্ষক থাকার পরও ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বদলি করেছে, এমন নজির রয়েছে একাধিক। বদলি করার আগে কলেজের অধ্যক্ষের কাছে খোঁজও নেওয়া হয় না, বিভাগটিতে মাত্র একজন শিক্ষক আছেন।
ইংরেজি বিভাগে গিয়ে কোনো শিক্ষক ও শিক্ষার্থীর দেখা পাওয়া যায়নি। খোঁজ নিয়ে জানা গেছে, দুজন শিক্ষক রয়েছেন। তাঁরা রাজশাহী থেকে আসেন। পালা করে একজন এসে পাঠদান করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক গণিত স্নাতক (সম্মান) শেষ বর্ষের দুজন শিক্ষার্থী বলেন, একজন শিক্ষক ক্লাস নেন সপ্তাহে তিন দিন। দর্শন বিভাগের ছাত্র কবির আহমেদ ও মাহবুবুব আলম বলেন, তাঁদের পড়তে হয় মৌখিকসহ ১১টি বিষয়। কিন্তু ক্লাস হয় মাত্র তিনটি বিষয়ে।
উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী শহিদুল ইসলাম ও জান্নাতি খাতুন বলেন, নিয়মিত ক্লাস না হওয়ায় শিক্ষার্থীরা নিয়মিত কলেজে আসেন না।
কলেজের উপাধ্যক্ষ আবদুল খালেক বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অবহেলার কারণে ঐতিহ্যবাহী কলেজটির অবস্থা এমন করুণ।