শিক্ষকসংকটে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ি রওশনআরা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে পাঠদান ব্যাহত হচ্ছে। বিদ্যালয়ে ইংরেজি, গণিতসহ আট বিষয়ের শিক্ষকের পদ শূন্য রয়েছে।জানা গেছে, বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় ১৯৬৪ সালে। জাতীয়করণ হয় ১৯৮৭ সালের ১ জুলাই। বর্তমানে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত ৪৫৬ জন ছাত্রী রয়েছে। বিদ্যালয়ে বাংলা, জীববিজ্ঞান ও ইসলাম ধর্ম বিষয়ে একজন করে শিক্ষকের পদ রয়েছে। বর্তমানে বিদ্যালয়ে আটজন শিক্ষকের পদ শূন্য রয়েছে। এ ছাড়া বিদ্যালয়ে সাত বছর ধরে সহকারী প্রধান শিক্ষক ও আট বছর ধরে প্রধান শিক্ষকের পদটি শূন্য রয়েছে।শিক্ষকসংকটে ইংরেজি, কৃষিশিক্ষা, ভূগোল, ভৌতবিজ্ঞান ও গণিতের ক্লাস হয় না। তিন বছর ধরে ক্লাস হয় না সামাজিক বিজ্ঞানসহ সাতটি গুরুত্বপূর্ণ বিষয়ের। আর্থিকভাবে সচ্ছল ইংরেজি ও বিজ্ঞান শাখার শিক্ষার্থীরা বাইরে প্রাইভেট পড়ে তাদের পাঠ্যসূচি শেষ করে। কিন্তু দরিদ্র পরিবারের ছাত্রীদের পক্ষে প্রাইভেট পড়াও সম্ভব হয় না। ফলে ছাত্রীরা পরীক্ষায় ভালো ফল করতে পারছে না।সরেজমিনে বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে, ছাত্রীদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। বিভিন্ন শ্রেণীকক্ষে বিদ্যালয়ের দুজন পিয়ন ছাত্রীদের মধ্যে পরীক্ষার খাতা ও প্রশ্নপত্র বিতরণ করছেন। মাত্র দুজন শিক্ষক হাজির রয়েছেন। শিক্ষক মানছুরুর রহমান বলেন, শিক্ষকসংকটে পিয়নদের দিয়ে পরীক্ষা নিতে হচ্ছে।নবম শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্রী সুমা মিত্র জানায়, শিক্ষক না থাকায় তিন বছর ধরে গণিত, সামাজিক বিজ্ঞান, পদার্থ, রসায়ন, ভূগোল ও কৃষিশিক্ষা বিষয়ে তাদের ক্লাস হয়নি।ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাজমা আক্তার জাহান পিয়নদের দিয়ে পরীক্ষা নেওয়ার কথা স্বীকার করে বলেন, ‘বিদ্যালয়ে বছরের পর বছর শিক্ষকসংকট লেগেই আছে। আমিসহ শিক্ষক রয়েছি মাত্র তিনজন। বর্তমানে অন্ততপক্ষে একজন প্রধান শিক্ষক ও আটজন সহকারী শিক্ষক দরকার। অতি গুরুত্বপূর্ণ বিষয়ের সব পদ শূন্য থাকায় পাঠদানসহ বিদ্যালয় পরিচালনায় খুবই অসুবিধা হচ্ছে। যে কারণে পরীক্ষার সময় পিয়নদের সাহায্য নিতে হচ্ছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। কিন্তু কোনো সাড়া পাওয়া যায়নি।’উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবদুর রশিদ বলেন, ‘যদিও সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলো আমাদের নিয়ন্ত্রণের বাইরে, তবু আমি ওই বিদ্যালয়ের শিক্ষকসংকটের কথা বারবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর ময়মনসিংহ অঞ্চল ও ময়মনসিংহ উপপরিচালককে জানিয়েছি।’