শিক্ষকসংকটে চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে পাঠদান ব্যাহত হচ্ছে। এতে ছাত্রীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। শিক্ষক না থাকায় এখানে দিনের পর দিন ছাত্রীসংখ্যাও কমে যাচ্ছে। বর্তমানে শিক্ষকের ৩০টি পদের মধ্যে ১৪টিই শূন্য রয়েছে। কলেজ কার্যালয় সূত্রে জানা গেছে, ১৯৮৭ সালে এ কলেজ জাতীয়করণ করা হয়। একসময় এখানে প্রায় দুই হাজার ছাত্রী লেখাপড়া করত। কিন্তু শিক্ষকসংকটের কারণে ছাত্রীসংখ্যা কমতে থাকে। বর্তমানে এখানে উচ্চমাধ্যমিক, ডিগ্রি (পাস) এবং সম্মান (স্নাতক) কোর্সে ৭০০ ছাত্রী লেখাপড়া করছে। তিন বছর আগে এখানে ইতিহাস বিষয়ে সম্মান (স্নাতক) কোর্স চালু করা হয়।কলেজ কার্যালয় সূত্রে আরও জানা গেছে, বাংলা বিভাগে শিক্ষকের দুটি এবং ইংরেজি বিভাগে একটি পদ শূন্য রয়েছে। হিসাববিজ্ঞান, প্রাণীবিদ্যা ও কম্পিউটার বিভাগে কোনো শিক্ষক নেই। অতিথি শিক্ষক এনে এসব বিষয়ে পাঠদান করা হচ্ছে। এ ছাড়া রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, ব্যবস্থাপনা, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি এবং দর্শন বিভাগেও শিক্ষকের সংকট রয়েছে। ইতিহাস বিভাগের ছাত্রী শারমিন খাতুন, শাহানাজ পারভিন ও হাজেরা খাতুন জানান, শিক্ষকসংকটের কারণে নিয়মিত ক্লাস হয় না। এ কারণে তাঁদের সমস্যা হচ্ছে। রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক মো. জোবায়ের হোসেন বলেন, ‘শিক্ষকসংকটের কারণে প্রতিদিন সব ক্লাস নেওয়া সম্ভব হয় না। এ ছাড়া ক্লাস না হওয়ার আশঙ্কা থাকায় অনেকে কলেজেই আসে না।অধ্যক্ষ নজরুল ইসলাম জানান, শিক্ষকসংকটের কথা লিখিতভাবে বহুবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কিন্তু কোনো সাড়া পাওয়া যায়নি।