শিক্ষকসংকটে শিক্ষা কার্যক্রম ব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের পেকুয়া উপজেলার উপকূলীয় এলাকা মগনামা ইউনিয়নের মধ্য মগনামা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকসংকটে শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। ওই বিদ্যালয়ে শিক্ষকদের নয়টি পদের ছয়টি পদই শূন্য রয়েছে দীর্ঘদিন ধরে।
সূত্র জানায়, বিদ্যালয়টিতে প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ৩৬৯ জন ছাত্রছাত্রী রয়েছে। শিক্ষক পদের সংখ্যা ৯টি। বর্তমানে রয়েছেন মাত্র তিরজন শিক্ষক। ২০১২ সালের ২১ জানুয়ারি মারা যান সহকারী শিক্ষক মো. পারভেজ। এরপর বদলি হয়ে অন্যত্র চলে যান ফাতেমা বেগম ও কিসমত আরা নামের আরও দুজন সহকারী শিক্ষক। সর্বশেষ ২৮ জুন বদলি হন প্রধান শিক্ষক আমির হোছাইন কাদেরী। বর্তমানে মো. করিম, মেরিনা সুলতানা ও নিশারাত জাহান নামের তিনজন সহকারী শিক্ষক কর্মরত আছেন।
গত শনিবার দুপুরে সরেজমিনে দেখা যায়, চতুর্থ শ্রেণিতে ক্লাস নিচ্ছেন বিদ্যালয়ের দপ্তরি মো. ইউছুফ। তিনি বলেন, ‘ক্লাস খালি যাচ্ছে দেখলে খারাপ লাগে, তাই ফাঁকে ফাঁকে নিজের তাগিদে ক্লাস নেওয়ার চেষ্টা করি।’
শিক্ষক মো. করিম প্রথম আলোকে বলেন, ‘তিনজন শিক্ষক দিয়ে সাড়ে তিন শতাধিক শিক্ষার্থীর লেখাপড়া করা দুরূহ ব্যাপার। এখন ২৪টি ক্লাসের মধ্যে শুধু ১০টি ক্লাস হচ্ছে। অন্য ক্লাসগুলো ফাঁকা যাচ্ছে।’
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এ কে এম দিদার উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, শিক্ষকসংকটের বিষয়টি কর্তৃপক্ষকে বারবার বলা হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তবে শিক্ষক আনতে উপজেলা থেকে জেলা পর্যায়ে ‘তদবির’ চলছে।
জানতে চাইলে পেকুয়া উপজেলা শিক্ষা কর্মকর্তা তপন কান্তি চৌধুরী প্রথম আলোকে বলেন, একজন সহকারী শিক্ষককে বদলির আদেশ করিয়ে সেখানে দেওয়া হচ্ছে। শিগগিরই অন্য পদগুলোতেও শিক্ষক দেওয়া হবে।