শিক্ষকসংকটের কারণে ফেনীর সোনাগাজী সরকারি ডিগ্রি কলেজের শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। এ অবস্থায় কলেজের শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন তাদের অভিভাবকেরা।কলেজ কার্যালয় সূত্র জানায়, কলেজের বিভিন্ন বিভাগের ৪৪টি শিক্ষক পদের মধ্যে ২১টি বর্তমানে শূন্য। দীর্ঘদিন ধরে কম্পিউটার বিভাগে কোনো শিক্ষক নেই। ফলে এই বিভাগে শিক্ষা কার্যক্রম অচল হয়ে পড়েছে।সূত্র জানায়, রাষ্ট্রবিজ্ঞান বিভাগে তিনজন শিক্ষকের মধ্যে একজন, অর্থনীতি বিভাগে তিনজনের মধ্যে একজন, দর্শন বিভাগে তিনজনের মধ্যে একজন, রসায়ন বিভাগে তিনজনের মধ্যে একজন শিক্ষক কর্মরত আছেন। অন্যদিকে বাংলা বিভাগে তিনজনের মধ্যে দুজন, ইংরেজি বিভাগে তিনজনের মধ্যে দুজন, সমাজকল্যাণ বিভাগে তিনজনের মধ্যে দুজন, ইসলামের ইতিহাস বিভাগে তিনজনের মধ্যে দুজন, পদার্থবিজ্ঞান বিভাগে তিনজনের মধ্যে দুজন, ইতিহাস বিভাগে দুজনের মধ্যে একজন, হিসাববিজ্ঞান বিভাগে দুজনের মধ্যে একজন, ব্যবস্থাপনা বিভাগে দুজনের মধ্যে একজন, উদ্ভিদবিদ্যা বিভাগে দুজনের মধ্যে একজন ও গণিত বিভাগে দুজনের মধ্যে একজন শিক্ষক কর্মরত আছেন।সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এত জন শিক্ষকের পদ শূন্য থাকায় কলেজের শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তাহমিনা আক্তার ও শরিফুল ইসলাম বলে, শিক্ষকসংকটের কারণে তাদের পড়াশোনা ব্যাহত হচ্ছে। অভিভাবক আবু তাহের চৌধুরী ও এনামুল হক বলেন, বেশির ভাগ বিভাগে পর্যাপ্ত শিক্ষক না থাকায় তাঁদের সন্তানদের পড়াশোনার ক্ষতি হচ্ছে। সন্তানদের ভবিষ্যৎ নিয়ে তাঁরা চিন্তিত।কলেজের অধ্যক্ষ ইসমাইল হোসেন সরকার প্রথম আলোকে বলেন, ‘শিক্ষকের শূন্যপদগুলো জরুরি ভিত্তিতে পূরণের জন্য কর্তৃপক্ষের কাছে চিঠি দেওয়া হয়েছে। আশা করছি, কর্তৃপক্ষ শিগগিরই শিক্ষক নিয়োগ দেবে।’