শিক্ষকসংকটে শিক্ষার্থীদের বারোটা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভবন, সেমিনার কক্ষ, আসবাব—সবকিছুই আছে। আছে কয়েক হাজার শিক্ষার্থী। কিন্তু পাঠদানের জন্য প্রয়োজনীয়সংখ্যক শিক্ষক নেই। রসায়ন বিভাগে একজন শিক্ষকও নেই। আর সব মিলিয়ে শিক্ষকের ৯৪টি পদই শূন্য।দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ জেলা ভোলার একটি সরকারি কলেজের এই হাল দীর্ঘদিন ধরে। কলেজটির নাম ভোলা সরকারি কলেজ। এই অঞ্চলে উচ্চশিক্ষা লাভের অন্যতম এ বিদ্যাপীঠে শিক্ষকসংকটে পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে।কলেজ কার্যালয় সূত্রে জানা গেছে, এটি ১৯৬২ সালে প্রতিষ্ঠা করা হয়। এখানে সাড়ে চার হাজার শিক্ষার্থী লেখাপড়া করে। এ কলেজে উচ্চমাধ্যমিক, ডিগ্রি, স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর পর্যায়ের বিভিন্ন বিভাগে শিক্ষার্থীরা ভর্তি হয়। এখানে ১৬টি বিষয়ে স্নাতক (সম্মান) কোর্স চালু আছে। এর মধ্যে নয়টি বিষয়ে স্নাতকোত্তর কোর্স চালু করা হয়েছে।কলেজ সূত্রে জানা গেছে, এখানে শিক্ষকের ১১৯টি পদের মধ্যে অধিকাংশই শূন্য। এগুলো হচ্ছে: বাংলা বিভাগে শিক্ষকের সাতটি পদের মধ্যে তিনটি, ইংরেজি বিভাগে সাতটির মধ্যে পাঁচটি, অর্থনীতি বিভাগে সাতটির মধ্যে ছয়টি, রাষ্ট্রবিজ্ঞানে সাতটির মধ্যে চারটি, ইতিহাসে সাতটির মধ্যে ছয়টি, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে সাতটির মধ্যে পাঁচটি, দর্শনে সাতটির মধ্যে পাঁচটি, সমাজকর্মে সাতটির মধ্যে ছয়টি, ইসলাম শিক্ষা বিষয়ে দুটির মধ্যে একটি, ভূগোল ও পরিবেশবিজ্ঞান বিভাগে সাতটির মধ্যে পাঁচটি, গণিতে সাতটির মধ্যে পাঁচটি, পদার্থবিজ্ঞানে সাতটির মধ্যে পাঁচটি, রসায়নে পাঁচটির মধ্যে পাঁচটি, উদ্ভিদবিজ্ঞানে সাতটির মধ্যে পাঁচটি, প্রাণিবিদ্যা বিভাগে সাতটির মধ্যে পাঁচটি। এ ছাড়া মৃত্তিকাবিজ্ঞান বিভাগে সাতটির মধ্যে ছয়টি, হিসাববিজ্ঞানে সাতটির মধ্যে পাঁচটি ও ব্যবস্থাপনা বিভাগে সাতটির মধ্যে পাঁচটি পদ শূন্য রয়েছে। অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের বিধান শিকদার ও প্রথম বর্ষের ছাত্রী হাসনা আনজুম সুরভী জানায়, তাদের অর্থনীতি বিভাগে যে শিক্ষক আছেন, তিনি গণিত ও পরিসংখ্যানে অভিজ্ঞ। কিন্তু শিক্ষক না থাকায় তিনি সামষ্টিক ও ব্যাষ্টিক অর্থনীতি, জনবিজ্ঞান, আন্তর্জাতিক অর্থনীতিসহ সব বিষয়ই পড়াচ্ছেন। হিসাববিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র হেমায়েত উদ্দিন বলে, ‘আমাদের বিভাগে সাতজন শিক্ষকের পদ থাকলেও শিক্ষক আছেন দুজন। এ দুজন এইচএসসি, ডিগ্রি, অনার্স ও মাস্টার্স মিলিয়ে সহস্রাধিক ছাত্র পড়াচ্ছেন।’ কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, ভোলা কলেজে প্রতিটি বিভাগে শিক্ষকসংকট। তার পরও প্রতিটি বিভাগে শত শত ছাত্র ভর্তি হচ্ছে। কারণ, তাদের ঢাকা-বরিশাল গিয়ে পড়ার সামর্থ্য নেই। বাইরের শিক্ষকদের ভোলায় পাঠালে তাঁরা তদবির করে বদলি হয়ে যান। এতে শিক্ষকসংকটের সৃষ্টি হয়েছে। কলেজের অধ্যক্ষ নাসির আহমদ বলেন, ‘সংকটের কারণে একজন শিক্ষক প্রতিদিন সাত-আটটি ক্লাস নিচ্ছেন। সরকারের সমহারে সব জেলায় শিক্ষকদের বণ্টন করার উদ্যোগ নেওয়া উচিত। আমি শূন্য পদে শিক্ষক দেওয়ার জন্য প্রতি মাসে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি লিখছি, কিন্তু শিক্ষক পাচ্ছি না। দু-একজন এলেও তদবির করে তাঁরা চলে যাচ্ছেন।’