শিক্ষকসংকটের মধ্যেও তাঁরা অনুপস্থিত থাকেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজে শিক্ষকসংকট চরম আকার ধারণ করেছে। একাধিক শিক্ষক কলেজে যোগদান করেও কর্মক্ষেত্রে উপস্থিত থাকছেন না। শিক্ষকসংকটের কারণে চারটি বিভাগের ক্লাস চালানো সম্ভব হচ্ছে না। এতে শিক্ষার্থীরা বিপাকে পড়েছেন।খোঁজ নিয়ে জানা যায়, কলেজে অধ্যাপক, সহযোগী অধ্যাপক ও সহকারী অধ্যাপকের ১২০টি পদের মধ্যে বর্তমানে কাগজ-কলমে আছেন মাত্র ৬৫ জন। তাঁদের মধ্যে নিয়মিত শিক্ষক আছেন ১৪ জন। অধ্যক্ষসহ বাকি ৫১ জন আছেন চলতি দায়িত্বে। নিয়মিত শিক্ষকদের মধ্যে দুজন বেতন-ভাতা নেওয়া ছাড়া কর্মক্ষেত্রে আসেন না। আরও কয়েকজন নিয়মিত উপস্থিত থাকেন না। এই অবস্থায় শিক্ষকশূন্য হয়ে পড়েছে নিউরো মেডিসিন, নিউরো সার্জারি, নেফ্রোলজি ও রেডিওথেরাপি বিভাগ।কলেজ প্রশাসন জানায়, একাধিকবার নোটিশ দেওয়া সত্ত্বেও কর্মস্থলে অনুপস্থিত থাকায় মানসিক রোগ বিভাগের সহকারী অধ্যাপক মো. শফিউল হাসান ও ফরেনসিক মেডিসিন বিভাগের রফিকুল ইসলামকে গত অক্টোবরে তাৎক্ষণিক বদলি করা হয়েছে। একই কারণে নিউরো সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক এম এম এহসানুল হক ও চক্ষু বিভাগের কামরুল ইসলাম খানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ৭ নভেম্বর মন্ত্রণালয়ে চিঠিও পাঠানো হয়েছে। মৌখিকভাবে সতর্ক করা হয়েছে বিভাগের মাহবুব জাহান আহম্মেদ ও চর্ম ও যৌন বিভাগের অধ্যাপক মো. ইউনুস আলী মোল্লাকে। কলেজের শেষ বর্ষের ছাত্র ও ছাত্র কল্যাণ পরিষদের সহসভাপতি মো. মাসরেফুল ইসলাম প্রথম আলোকে বলেন, শিক্ষকসংকট এমন পর্যায়ে পৌঁছেছে যে শিক্ষার্থীরা অসহায় হয়ে পড়েছে। সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক জহুরুল হক বলেন, দল ও মতের ঊর্ধ্বে থেকে এবং শিক্ষার্থীদের কথা বিবেচনায় নিয়ে শূন্য পদ পূরণ করে চিকিৎসাসেবার মান নিশ্চিত করা উচিত।নাম প্রকাশ না করার শর্তে একজন বিশেষজ্ঞ চিকৎসক প্রথম আলোকে বলেন, বিশেষজ্ঞ চিকিৎসকেরা সবাই ঢাকায় থাকতে চান। ফলে এখানে বদলি করা হলেও তাঁরা যোগদান করে চলে যান। এমনকি এখানে বদলির কারণে গত কয়েক মাসে পাঁচজন অধ্যাপক চাকরিই ছেড়ে দিয়েছেন। এ ব্যাপারে অধ্যাপক কামরুল ইসলাম খানের মুঠোফোনে যোগাযোগ করলে তিনি প্রথম আলোর কথা শুনে সংযোগ কেটে দেন। এম এম এহসানুল হকের মুঠোফোন বন্ধ পাওয়া যায়। তবে বরিশালের অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টারে তিনি প্রতি রোববার বসেন বলে জানিয়েছেন ওই প্রতিষ্ঠানের অভ্যর্থনাকারী ফরিদউদ্দিন।কলেজের অধ্যক্ষ আবরার আহম্মেদ প্রথম আলোকে বলেন, একে তো শিক্ষকসংকট, তার ওপর অনেক গুরুত্বপূর্ণ বিভাগের শিক্ষক কোনো দিনই কলেজে ক্লাস নেন না। বেতন-ভাতা উত্তোলন ছাড়া তাঁদের দেখা যায় না। শিক্ষকসংকটের কথা উল্লেখ করে বহুবার মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে। কিন্তু শূন্য পদে শিক্ষক নিয়োগের কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না।স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় সহকারী পরিচালক (প্রশাসন) মোস্তাক আল মেহেদী বলেন, বরিশাল মেডিকেল কলেজের শিক্ষকসংকট দীর্ঘদিনের। এই সমস্যা সমাধান না হওয়ায় এখানের শিক্ষার মানের যে ঐতিহ্য ছিল, দিন দিন তা নিম্নমুখী হচ্ছে।