শিক্ষকসহ চার জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৮
পিরোজপুর, ব্রাহ্মণবাড়িয়ার কসবা, সিরাজগঞ্জের উল্লাপাড়া ও নাটোরের লালপুরে গত দুই দিনে সড়ক দুর্ঘটনায় শিক্ষকসহ আটজন নিহত হয়েছেন। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:কসবা (ব্রাহ্মণবাড়িয়া): কুমিল্লা-সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুটি চৌমোহনী বাস টার্মিনাল এলাকার শান্তিপুরে গতকাল বিকেলে নম্বরবিহীন সিএনজিচালিত অটোরিকশা ও সুগন্ধা পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চালকসহ পাঁচজন নিহত ও চারজন আহত হন। হতাহত ব্যক্তিদের সবাই অটোরিকশার যাত্রী। নিহত ব্যক্তিদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মকিমপুর গ্রামের নুরুল ইসলাম (৪৪) ও কসবা উপজেলার নোয়াপাড়া গ্রামের মোতালেব মিয়ার ছেলে আবু নাইম (২২)।পিরোজপুর: ভান্ডারিয়া-কাঁঠালিয়া সড়কে ভান্ডারিয়ার বীণাপাণি এলাকায় গতকাল দুপুর ১২টার দিকে যাত্রীবাহী একটি বিআরটিসি বাস টমটমকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে টমটম আরোহী বীণাপাণি এলাকার রমনা ঘরামী (৬৫) প্রাণ হারান। উল্লাপাড়া (সিরাজগঞ্জ): গতকাল বিকেলে বগুড়া-নগরবাড়ী মহাসড়কের উল্লাপাড়া উপজেলার কাওয়াক গ্রামের পাশে ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহী আল আমিন (১৬) ঘটনাস্থলেই নিহত হয়। আল আমিন উল্লাপাড়ার খালিয়াপাড়া গ্রামের সায়েম উদ্দিনের ছেলে। রাজমিস্ত্রি আল আমিন রেলওয়ে স্টেশন এলাকায় কাজ করে সাইকেল নিয়ে দুপুরে বাড়িতে খেতে যাচ্ছিল। লালপুর (নাটোর): আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠান শেষে গত সোমবার বাড়ি ফেরার পথে লালপুর-বাঘা সড়কের রামকৃষ্ণপুর মোড়ে পাওয়ার ট্রলির চাপায় লালপুর পাইলট বালিকা বিদ্যালয়ের ইংরেজির শিক্ষক ফাতেমা বেগম গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পরে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।