শিক্ষকসহ চার জেলায় সড়ক দুর্ঘটনায় নয়জন নিহত
চট্টগ্রাম নগরের শাহ আমানত সেতুর উত্তর পারে ট্রাকের ধাক্কায় গতকাল বুধবার দুজন নিহত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার কসবা, কুমিল্লার লাকসাম ও দাউদকান্দি এবং গাজীপুরে মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় শিক্ষকসহ আরও সাতজন নিহত হন। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর;চট্টগ্রাম: চট্টগ্রাম নগরের শাহ আমানত সেতুর উত্তর পারে নিয়ন্ত্রণ হারানো একটি ট্রাকের ধাক্কায় দুজন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছে। আজ বুধবার সকাল সাতটার দিকে এ ঘটনা ঘটে। ট্রাকটি সেতু থেকে নেমে নিয়ন্ত্রণ হারিয়ে পাঁচটি টেম্পোকে চাপা দিয়ে রাস্তার পাশে দোকানের মধ্যে ঢুকে পড়ে। নিহত ব্যক্তিরা হলেন মো. রবি (২০) ও এজাহার মিয়া (৫৩)। এ সময় অন্তত পাঁচটি দোকান ক্ষতিগ্রস্ত হয়। চট্টগ্রাম শহরমুখী একটি ট্রাক কর্ণফুলী শাহ আমানত সেতু থেকে নেমে গোল চত্বর ঘোরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পাঁচটি টেম্পোকে চাপা দিয়ে ফুটপাতের দোকানগুলোতে ঢুকে পড়ে। এ সময় টেম্পোগুলো ছাড়াও অন্তত পাঁচটি দোকান ক্ষতিগ্রস্ত হয়। পরে পুলিশ গিয়ে ট্রাকটি ক্রেন দিয়ে উদ্ধার করে। কসবা (ব্রাহ্মণবাড়িয়া): উপজেলার নেমতাবাদ-তিনলাখপীর সড়কের গাববাড়ী এলাকায় গত মঙ্গলবার একটি যাত্রীবাহী টেম্পো নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ওই টেম্পোর সাত যাত্রী আহত হন। এঁদের মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার গোয়ালী গ্রামের বাসিন্দা ও কসবা উপজেলার গোপীনাথপুর শহীদ বাবুল উচ্চবিদ্যালয়ের শিক্ষক মজিবুর রহমানকে (৩১) ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করার পর গত মঙ্গলবার রাতে তিনি মারা যান। লাকসাম (কুমিল্লা): লাকসাম-সোনাইমুড়ি সড়কের পোলাইয়া এলাকায় গত মঙ্গলবার একটি যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ওই অটোরিকশার যাত্রী মনোহরগঞ্জ উপজেলার বাতাবাড়িয়া গ্রামের হানিফ মিয়ার স্ত্রী আয়েশা বেগম (৪২), খিলা গ্রামের কবির আহমেদের ছেলে কাউসার আলম (২০) ও লাকসাম উপজেলার তাঁতিপাড়া গ্রামের মনোহর আলীর স্ত্রী রোকেয়া বেগম (৪৭) নিহত হন। দাউদকান্দি (কুমিল্লা): ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দি উপজেলার স্বল্প পেন্নাই এলাকায় মঙ্গলবার রাতে গাড়ির চাপায় অজ্ঞাতনামা যুবক (২৫) ও ভোর সাড়ে চারটায় আমিরাবাদ এলাকায় গাড়ির চাপায় অজ্ঞাতনামা আরেক ব্যক্তি (৩৫) নিহত হন।গাজীপুর: সদর উপজেলার বাঘের বাজার এলাকায় কোমল পানীয় ভার্জিন ড্রিংকসের কারখানার সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পারাপারের সময় একটি যাত্রীবাহী বাসের চাপায় এক অজ্ঞাতনামা বৃদ্ধ (৬৫) নিহত হন।