শিক্ষকসহ তিন স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
সিরাজগঞ্জের রায়গঞ্জ ও বগুড়ার শিবগঞ্জে গত কয়েক দিনে সড়ক দুর্ঘটনায় এক শিক্ষকসহ দুইজন নিহত হয়েছেন। রাজবাড়ীর গোয়ালন্দে গত বৃহস্পতিবার বাসের চাপায় আরেকজন নিহত হন। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর—সিরাজগঞ্জ: রায়গঞ্জ উপজেলার নলকা-পাঁচিলা-হাটিকুমরুল সড়কের পাশে গ্রিন চিলিস রেস্তোরাঁর সামনে গতকাল মাছবাহী একটি ট্রাকের সঙ্গে অপর একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ফুটানী বাজার গ্রামের রতন মিয়া (৪০) নিহত ও তাঁর স্ত্রী রোকসানা পারভীন (২৫) আহত হন। পুলিশ রতন মিয়ার লাশ ও আহত রোকসানাকে উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠায়। নিহত রতন গাজীপুরে একটি পোশাক কারখানার কর্মকর্তা ছিলেন। শিবগঞ্জ (বগুড়া): উপজেলার দামগাড়া সৈয়দ মিনা দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের শিক্ষক আজাহার উদ্দিন (৬০) একটি ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন। গত বুধবার বিদ্যালয়ের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহতের বাড়ি উপজেলার মাসিমপুর চালুঞ্জা গ্রামে। গোয়ালন্দ (রাজবাড়ী): গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে গত বৃহস্পতিবার ভোররাতে একটি যাত্রীবাহী বাসের চাপায় জাকের পরিবহনের সুপারভাইজার মোহসিন খান (২৫) নিহত হন। এ সময় তিনি সড়কে দাঁড়িয়ে ছিলেন। নিহতের বাড়ি বোয়ালমারী উপজেলার চুকিনগর গ্রামে।