শিক্ষকসহ তিনজনের বিরুদ্ধে যৌন হয়রানিরে অভিযোগ, মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) লোকপ্রশাসন বিভাগের একজন শিক্ষক ও দুজন কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেছেন বিভাগের নয়জন ছাত্রী। গতকাল মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধকেন্দ্রের পরিচালনা কমিটির সভাপতির কাছে তাঁরা এ অভিযোগ করেন। এ ঘটনার প্রতিবাদে ও অভিযুক্ত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল মঙ্গলবার ক্যাম্পাসে মানববন্ধন করেন শিক্ষার্থীরা।
লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থীরা জানান, সকাল ১০টার দিকে নিপীড়ন নিরোধকেন্দ্রের পরিচালনা কমিটির সভাপতি ইয়াসমিন হকের কাছে বিভাগের একজন শিক্ষক, একজন কর্মকর্তা ও এক কর্মচারীর বিরুদ্ধে যৌন হয়রানির লিখিত অভিযোগ দেন নয়জন শিক্ষার্থী। ইয়াসমিন হক অভিযোগ গ্রহণ করে দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
অভিযুক্ত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা হচ্ছেন লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ নাসির উদ্দিন, বিভাগের সহকারী প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ আতিকুর রহমান ও কর্মচারী আবু সালেহ। তাঁদের মধ্যে বিভাগের কর্মচারী আবু সালেহর বিরুদ্ধে গত ৩০ মার্চ ও সহকারী প্রশাসনিক কর্মকর্তা আতিকুর রহমানের বিরুদ্ধে বিভিন্ন সময় যৌন হয়রানির অভিযোগ করেন এক ছাত্রী। অপর দিকে গত বছরের সেপ্টেম্বরে বিভাগের শিক্ষাসফরের সময় বিভাগীয় শিক্ষক নাসির উদ্দিনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেন আরও আট ছাত্রী।
বিভাগের শিক্ষক মোহাম্মদ নাসির উদ্দিন ও সহকারী প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ আতিকুর রহমানের মুঠোফোন বন্ধ পাওয়া যায়। কর্মচারী আবু সালেহর মুঠোফোনে যোগাযোগ করা হলেও তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
এদিকে এ ঘটনার প্রতিবাদে ও বিচারের দাবিতে গতকাল দুপুরে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে মানববন্ধন করেছেন পাঁচ শতাধিক শিক্ষার্থী।