শিক্ষকসহ দুজন খুন বৃদ্ধার লাশ উদ্ধার
গাইবান্ধার সাদুল্যাপুরে গত শনিবার এক স্কুলশিক্ষক খুন হয়েছেন। ফরিদপুরের মধুখালীতে রোববার সন্ত্রাসীরা এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করেছে। ফেনীর ফুলগাজী উপজেলায় একটি সেফটিক ট্যাংক থেকে শনিবার এক বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:গাইবান্ধা: গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার কিশামত হামিদ রেজি. বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আহম্মদ আলী (৫৮) শনিবার খুন হয়েছেন। পুলিশ ও আহম্মদ আলীর পারিবারিক সূত্রে জানা গেছে, জমি নিয়ে ওই গ্রামের বিপিন চন্দ্রের সঙ্গে একই গ্রামের কালিয়া চন্দ্রের বিরোধ চলছিল। এই ঘটনার মীমাংসার জন্য শনিবার গ্রামে সালিস বৈঠক বসে। বৈঠকে আহম্মদ আলী বিপিন চন্দ্রের পক্ষে সাক্ষ্য দিলে কালিয়া চন্দ্র ও তাঁর লোকজন ক্ষুব্ধ হন। সালিস শেষে সন্ধ্যায় বাড়ি ফেরার পথে কালিয়া চন্দ্রের লোকজন আহম্মদ আলীকে মারধর করে। এরপর আশঙ্কাজনক অবস্থায় গাইবান্ধা সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় রোববার আহম্মদ আলীর ছেলে আবুল কালাম কালিয়া চন্দ্রসহ ১৭ জনকে আসামি করে সাদুল্যাপুর থানায় হত্যা মামলা করেন।ফরিদপুর: মধুখালী উপজেলার ছোন্দাহ গ্রামে আলী আকবর খান (৭২) নামে এক বৃদ্ধকে সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে। রোববার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোহসীনুল হক জানান, আকবরের লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত আলী আকবর চ্যানেল আইয়ের ক্যামেরাম্যান জুয়েলের বাবা।ফেনী: ফুলগাজী উপজেলার খিলপাড়া গ্রামের ভূঞা বাড়ির একটি সেফটিক ট্যাংক থেকে শনিবার পুলিশ রওশন আরা বেগম (৫০) নামে এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ ওই বৃদ্ধার পুত্রবধূ কহিনুর বেগমকে (২০) গ্রেপ্তার করেছে। খিলপাড়া গ্রামের ওমান প্রবাসী জাহিদুল ইসলামের মা রওশন আরা ২৪ জুলাই বাড়ি থেকে নিখোঁজ হন। শনিবার বিকেলে ঘরের পাশের সেফটিক ট্যাংকের ভেতরে লাশ দেখতে পাওয়া যায়। খবর পেয়ে ফুলগাজী থানার পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় নিহত রওশন আরার মেয়ে হাজেরা খাতুন ফুলগাজী থানায় একটি হত্যা মামলা করেছেন।