বগুড়ার শেরপুর ও দিনাজপুরের বিরামপুর এবং বগুড়ার শিবগঞ্জ উপজেলায় গত দুই দিনে সড়ক দুর্ঘটনায় শিক্ষক, এসএসসি পরীক্ষার্থীসহ পাঁচজন নিহত হয়েছেন। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:শেরপুর (বগুড়া): পঞ্চগড় থেকে ঢাকা যাওয়ার পথে ঢাকা-বগুড়া মহাসড়কে শেরপুর উপজেলার ঘোঘা মোড়ে গতকাল শনিবার ভোর চারটার দিকে হানিফ পরিবহনের একটি বাস বিপরীতগামী একটি ট্রাকের ধাক্কায় রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে বাসের ২৩ জন যাত্রী আহত হন। শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ঢাকার কামরাঙ্গীরচর এলাকার বেলাল হোসেন (৪০) ও পলাশবাড়ী উপজেলার রণজিৎ কুমার দত্ত (৩৬) এবং শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে অজ্ঞাত এক ব্যক্তি (৪০) মারা যান।হাকিমপুর (দিনাজপুর): সড়ক দুর্ঘটনায় আহত হাছান আলী (১৭) গত শুক্রবার রাতে মারা গেছে। সে বিরামপুরের হাবিবপুর উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছিল। গত শুক্রবার বিকেলে বিরামপুরের বিজুল গ্রাম থেকে বিয়ের দাওয়াত খেয়ে মোটরসাইকেলে চড়ে তিনজন বিরামপুর-ঘোড়াঘাট সড়কে উঠছিল। এ সময় বিজুল বাজারে একটি বাসের ধাক্কায় ঘটনাস্থলেই মোটরসাইকেলের লচালক বদিউজ্জামান (১৮) মারা যায়। গুরুতর আহত দুজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে হাছান আলী মারা যায়।শিবগঞ্জ (বগুড়া): সড়ক দুর্ঘটনায় আহত উপজেলার সাদুরিয়া মাদ্রাসার শিক্ষক নাছির উদ্দিন গত শুক্রবার মারা গেছেন। তাঁর বাড়ি উপজেলার উথলী গরিবপুর গ্রামে। গত সোমবার মাদ্রাসায় যাওয়ার পথে আলাদীপুরে একটি বাস ভটভটিকে পেছন থেকে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন। তাঁকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই তিনি মারা যান।