ফরিদপুরের ভাঙ্গায় গতকাল শুক্রবার বাস ও টেম্পোর মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছে। মাগুরায় বৃহস্পতিবার ট্রাকের চাপায় একজন কলেজশিক্ষক নিহত হন। একই দিন মাদারীপুরের শিবচরে সড়ক দুর্ঘটনায় একজন বৃদ্ধ নিহত হন। আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:ফরিদপুর: ঢাকা-বরিশাল মহাসড়কের ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হামিরদী এলাকায় গতকাল সকালে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে অপর একটি যাত্রীবাহী টেম্পোর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে টেম্পোর যাত্রী হামিরদীর মহেশ্বরদী গ্রামের মো. সম্রাটসহ (৮) দুজন নিহত ও ছয়জন আহত হয়। আহত ব্যক্তিদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ব্যক্তিরা হলেন: সম্রাটের বাবা ওসমান মোল্লা (৩৫), মা পাখি বেগম (৩০), বোন আসমা (১৪), মানিকদহ ইউনিয়নের ফাজিল খাঁ (৩৫), নিলুফার (৩০) ও লাইজু (৩০)।মাগুরা: মাগুরা-মহম্মদপুর সড়কের বেথুলিয়া এলাকায় বৃহস্পতিবার সকালে ট্রাকের চাপায় ওহিদুল ইসলাম (৪২) নামের একজন কলেজশিক্ষক নিহত হন। তিনি মহম্মদপুর আমিনুর রহমান ডিগ্রি কলেজের সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন। এ ঘটনায় ওই কলেজের শিক্ষার্থীরা কলেজের সামনে মহম্মদপুর-মাগুরা সড়ক প্রায় এক ঘণ্টা অবরোধ করে রাখে।শিবচর (মাদারীপুর): শিবচর-কাঁঠালবাড়ী সড়কের হাজী ইমান উদ্দিন বেপারীকান্দি এলাকায় বৃহস্পতিবার বেবিট্যাক্সির ধাক্কায় চান মিয়া গাছি (৬৫) নিহত হন। তাঁর বাড়ি উপজেলার শামসুদ্দিন মোল্লাকান্দি গ্রামে।