নীলফামারীর ডোমারে গতকাল শুক্রবার সড়ক দুর্ঘটনায় একজন শিক্ষক নিহত হয়েছেন। জলঢাকা উপজেলায় গত বুধবার দুর্ঘটনায় একজন নিহত হন। কুড়িগ্রামের রাজারহাটে গতকাল একজন নিহত হয়েছেন। আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধির পাঠানো খবর:নীলফামারী: নীলফামারীর ডোমার উপজেলার পাঙ্গা পীর সাহেবের হাট থেকে গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে মোটরসাইকেলে করে পাঙ্গা গ্রামে নিজ বাড়ি ফিরছিলেন পাঙ্গা মহেশ চন্দ্র লালা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আইয়ুব আলী (৫৭)। পথে শহীদ জিয়া সড়কের ওপর শুকাতে দেওয়া ধানের খড়ে মোটরসাইকেলটি পিছলে গেলে তিনি সড়কের ওপর পড়ে মাথায় আঘাত পান। ডোমার স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।গত বুধবার রাত ১০টার দিকে নীলফামারী-জলঢাকা সড়কে জলঢাকা উপজেলার টেঙ্গনমারী এলাকায় একটি ট্রাক আবদুর রশিদ নামের এক ব্যক্তিকে চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনার পর থেকে বিক্ষুব্ধ এলাকাবাসী রাত ১১টা পর্যন্ত ওই সড়ক অবরোধ করে রাখে। আবদুর রশিদ জলঢাকা উপজেলার খুঁটামারা ইউনিয়নের আশ্রয়ণ প্রকল্প ভৈচালের ভিটা এলাকার মৃত তছির উদ্দিনের ছেলে।কুড়িগ্রাম: কুড়িগ্রাম থেকে বগুড়াগামী একটি বাস গতকাল সকাল নয়টার দিকে রাজারহাট বাজার এলাকায় পথচারী রণবীর চন্দ্র বর্মণ (৩৫) ও তাঁর মেয়ে রানীকে (৭) চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রণবীর নিহত হন। গুরুতর আহত রাণীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।