শিক্ষকসহ বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত ৭
সিরাজগঞ্জ, গোপালগঞ্জ, রংপুরের কাউনিয়া, লালমনিরহাটের পাটগ্রাম ও সিলেটের বালাগঞ্জে গত সোমবার ও গতকাল মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় এক শিক্ষকসহ সাতজন নিহত হয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ-এনায়েতপুর সড়কের খোকশাবাড়ীতে গতকাল মঙ্গলবার সকালে একটি যাত্রীবাহী বাস আশামণি (১৪) নামে এক কিশোরীকে চাপা দিলে ঘটনাস্থলেই সে নিহত হয়।এদিকে একটি সবজিবাহী ট্রাক সোমবার গভীর রাতে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ সড়কের কোনাবাড়ীতে ৬ নম্বর সেতুর কাছে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ঘটনাস্থলে আসলাম উদ্দিন (৩৫) নামে একজন নিহত হন।গোপালগঞ্জ: সদর উপজেলার গোলাবাড়িয়া সেতুর কাছে সোমবার সন্ধ্যা সাতটার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরসাইকেল রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে মনির মোল্লা (১৭) নামে একজন নিহত হয়। এদিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভুলবাড়ী সেতুর কাছে সোমবার গভীর রাতে ডাকাতেরা গাছের গুঁড়ি ফেলে যানবাহনে ডাকাতি করছিল। এ সময় পাটবোঝাই একটি নছিমন নিয়ে চালক মাহাবুব শেখ ব্যারিকেডের পাশ দিয়ে দ্রুত পালানোর সময় নছিমনটি রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে মাহাবুব আহত হন। কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মঙ্গলবার বেলা ১১টায় তাঁর মৃত্যু হয়।কাউনিয়া (রংপুর): রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের কাউনিয়া উপজেলার হলদিবাড়ী রেলগেট এলাকায় গতকাল সকাল নয়টার দিকে একটি বাস ও একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের আরোহী পল্লীমারী উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক ফারুক আহমেদ (৩৮) নিহত হন।পাটগ্রাম (লালমনিরহাট): রংপুর-পাগলাপীর মহাসড়কের সিওবাজারে সোমবার দুপুরে দুটি মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষ হয়। এতে একটি মোটরসাইকেলের আরোহী রবিউল ইসলাম সেলিম (৩০) গুরুতর আহত হন। চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। তিনি পাটগ্রাম উপজেলা ছাত্রলীগের ক্রীড়া সম্পাদক।বালাগঞ্জ (সিলেট): ঢাকা-সিলেট মহাসড়কের কসরতলে সোমবার দুপুর দুইটার দিকে সুরুজ মিয়া (৭০) নামে এক ব্যক্তি বাসের চাপায় নিহত হন।