শিক্ষকের অপবাদে ছাত্রীর আত্মহনন!
গোপালগঞ্জের কোটালীপাড়ায় মানসুরা আকতার নামে এক মাদ্রাসাছাত্রী আত্মহত্যা করেছে। গত রোববার রাতে উপজেলার নাগরা গ্রামে বাড়ির পাশের গাছে ঝুলন্ত অবস্থায় তার লাশ পাওয়া যায়। মানসুরার পরিবারের অভিযোগ, এক শিক্ষকের অপবাদের কারণে মেয়েটি আত্মহননের পথ বেছে নিয়েছে। মানসুরা নাগরা গ্রামের সেতারা বেগম মহিলা মাদ্রাসার দশম শ্রেণীর শিক্ষার্থী। ঘটনার পর থেকে ওই মাদ্রাসার শিক্ষক মহিন শেখ (৪০) পলাতক।মানসুরার পরিবার ও গ্রামবাসীর ভাষ্যমতে, কয়েক দিন আগে পারিবারিকভাবে মানসুরার বিয়ে ঠিক হয়। বিষয়টি জানতে পেরে সেতারা বেগম মহিলা মাদ্রাসার শিক্ষক মহিন শেখ এলাকায় প্রচারণা চালান, তিনি মানসুরাকে বিয়ে করেছেন। এ অপপ্রচারের পর লজ্জায় বাড়ির বাইরে যাওয়া বন্ধ করে দেয় মানসুরা। তার বাবা সোলেমান শিকদার বিষয়টি গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের জানান। গত রোববার রাতে গ্রামে সালিস বৈঠক বসে। অপপ্রচার করায় সালিসে শিক্ষক মহিন শেখকে তিরস্কার করা হয় এবং উত্তম-মধ্যম দেওয়া হয়। মেয়েটির মামা আমতলী ইউনিয়ন পরিষদের (ইউপি) ৮ নম্বর ওয়ার্ডের সদস্য আউয়াল শেখ বলেন, সালিস বৈঠক শেষে সবাই ঘুমাতে যায়। কিন্তু মানসুরা ঘরে ছিল না। খোঁজাখুঁজির পর রাত ১২টার দিকে বাড়ির পাশের একটি গাছের ডালে ঝুলন্ত অবস্থায় মানসুরার মৃতদেহ পাওয়া যায়।মানসুরার বাবা সোলেমান শিকদার অভিযোগ করেন, ‘মহিন শেখ অপবাদ রটানোয় আমার মেয়ে আত্মহত্যা করেছে। আমি মহিনের শাস্তি চাই।’একই রকম কথা বলেন আমতলীর ইউপি চেয়ারম্যান হান্নান শেখ। তিনি বলেন, ‘মানসুরার মৃত্যুর জন্য মহিন দায়ী। তিনি এলাকায় অপবাদ না ছড়ালে হয়তো বা মেয়েটি আত্মহত্যা করত না।’মানসুরার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোতা মিয়া গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, মানসুরার পরিবারের পক্ষ থেকে লিখিত কোনো অভিযোগ পাইনি। তবু মহিন শেখকে ধরতে পুলিশ অভিযান চালিয়েছিল। কিন্তু তাঁকে পাওয়া যায়নি।