রংপুর নার্সিং কলেজের তিন শিক্ষকের অপসারণসহ বিভিন্ন দাবিতে গতকাল বুধবার দিনভর বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এ সময় অধ্যক্ষকে তাঁর কার্যালয়ে ছয় ঘণ্টা অবরুদ্ধ করে রাখা হয়।
এই তিন শিক্ষক হলেন নার্সিং ইন্সট্রাক্টর রিজিয়া খাতুন, রেহেনা আক্তার ও খালেদা বানু। তাঁদের বিরুদ্ধে অভিযোগ—তাঁরা নিয়মবহির্ভূতভাবে বিভিন্ন খাত দেখিয়ে রসিদ ছাড়া অতিরিক্ত ফি আদায়ের চেষ্টা করছেন। শিক্ষার্থীদের অভিযোগ, পরীক্ষায় অকৃতকার্য করিয়ে দেওয়াসহ নানাভাবে ভয়ভীতি প্রদর্শন করে আসছেন কলেজের এই শিক্ষকেরা। তাঁরা নিয়মবহির্ভূতভাবে বিভিন্ন খাত দেখিয়ে রসিদ ছাড়া অতিরিক্ত ফি আদায়ের পাঁয়তারা করছেন। এ ঘটনার প্রতিবাদ করার কারণে শিক্ষানবিশ নার্সরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।
কলেজ অধ্যক্ষ লুৎফুন্নেছা বলেন, ‘শিক্ষার্থীদের অভিযোগের ব্যাপারে ঢাকা থেকে একটি তদন্ত কমিটি করা হয়েছে। তদন্ত প্রতিবেদন জমা না হওয়া পর্যন্ত এ বিষয়ে কিছুই বলতে পারব না।’ ওই তদন্ত কমিটিতে কাঁরা আছেন, তা-ও তিনি জানাতে অপারগতা প্রকাশ করেন।
হাসপাতালে পরিচালক আবদুল বাতেন ২৫ জুন বদলি হয়ে গেছেন। বর্তমানে পরিচালকের দায়িত্ব পালন করছেন সহকারী পরিচালক বিমল কুমার বর্মণ। তিনি বলেন, ‘তদন্ত প্রতিবেদন জমা না হওয়ায় শিক্ষার্থীরা তাঁদের কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছে। আশা করি, বিষয়টি খুব শিগগির সুরাহা হবে।’