শিক্ষকের অপসারণের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা ওই বিভাগের প্রধানের অপসারণ দাবি করে মানববন্ধন করেছেন। গতকাল রোববার বেলা একটার দিকে বিশ্ববিদ্যালয়ের হাদী চত্বরে তাঁরা এ মানববন্ধন করেন। ওই শিক্ষকের পদত্যাগ না হওয়া পর্যন্ত তাঁরা বিভিন্ন আন্দোলন-কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। কর্মসূচির মধ্যে রয়েছে পদত্যাগ না করা পর্যন্ত ক্লাস বর্জন, অবস্থান কর্মসূচি ও মানববন্ধন।
মানববন্ধনে শিক্ষার্থীরা বিভাগীয় প্রধান সেহরীশ খানের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ করে বলেন, গত বছরের জুনে বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব নেন সেহরীশ খান। তিনি দায়িত্ব নেওয়ার পর থেকেই চার মাস ধরে একাডেমিক কার্যক্রমে পিছিয়ে আছে শিক্ষার্থীরা। সময়মতো পরীক্ষা না নেওয়া ও ফলাফল প্রকাশ না করা, বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও ছাত্রছাত্রীদের সঙ্গে সমন্বয় না করাসহ বিভিন্ন অভিযোগ করেন শিক্ষার্থীরা।
এ ব্যাপারে সেহরীশ খানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোনে কথা বলবেন না বলে জানিয়ে আগামীকাল (আজ) কার্যালয়ে যাওয়ার পরামর্শ দেন।