শিক্ষকের অপসারণের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার আশাশুনি উপজেলার খাজরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাহাজ্জাহান আলীকে অপসারণের দাবিতে গতকাল রোববার মানববন্ধন করেছেন এলাকাবাসী। তাঁদের অভিযোগ, ওই শিক্ষক টাকা নিয়ে শিক্ষার্থীদের ফল পাল্টে দেন এবং উপবৃত্তি থেকে টাকা কেটে রাখেন।
তবে অভিযোগ অস্বীকার করে রাহাজ্জাহান আলী বলেছেন, ‘চেয়ারম্যানের কথামতো কাজ না করাই হলো আমার অপরাধ। এখন তারা বলছে, আমি জামায়াত করি, দুর্নীতিবাজ। আমার বিরুদ্ধে মানববন্ধন করিয়েছেন চেয়ারম্যান। ভয়ে আমি তিন দিন ছুটি নিয়েছি।’
স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, বিদ্যালয়ের বিদ্যোৎসাহী সদস্য নির্বাচন নিয়ে রাহাজ্জাহান আলীর সঙ্গে খাজরা ইউপির চেয়ার্যেমান এস এম শাহনেওয়াজ ডালিমের দ্বন্দ্ব দেখা দেয়। মারধর ও জোর করে স্বাক্ষর নেওয়ার অভিযোগে ১৮ অক্টোবর ইউপি চেয়ারম্যান, বিদ্যালয়ের ব্যবস্থাপনা পর্ষদের সভাপতি অসিত বরণ ঘোষসহ ছয়জনের নাম উল্লেখ করে আশাশুনি থানায় মামলা করেন রাহাজ্জাহান আলী। মামলার এজাহারে বলা হয়েছে, ১৭ অক্টোবর রাত নয়টার দিকে বিদ্যালয়ে এসে চেয়ারম্যানের লোকজন তাঁকে গালিগালাজ ও মারপিট করেন। এ সময় তাঁরা বিদ্যালয়ের সিল প্যাড নিয়ে নেন।
গতকাল সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এলাকার প্রায় ২০০ মানুষ জড়ো হন। তাঁদের অনেকের হাতে ঝাঁটা ছিল। বেলা ১১টার দিকে তাঁরা শিক্ষক রাহাজ্জাহান আলীর অপসারণের দাবিতে মানববন্ধন করেন। এ সময় বক্তব্য দেন ইউপি সদস্য কবির হোসেন ও তহমিনা খাতুন, বিদ্যালয়ের ব্যবস্থাপনা পর্ষদের সভাপতি অসিত বরণ ঘোষ, স্থানীয় বাসিন্দা শ্যামাপদ ঘোষ, হোসেন আলী প্রমুখ।
তবে অভিযোগ অস্বীকার করে ইউপি চেয়ারম্যান এস এম শাহনেওয়াজ ডালিম বলেন, ‘শিক্ষক রাহাজ্জাহান দুর্নীতিবাজ। তিনি আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছেন। এর প্রতিবাদে এলাকাবাসী মানববন্ধন করেছে।’