শিক্ষকের অবহেলায় পরীক্ষা দেওয়া হলো না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার খাতেমুন মঈন মহিলা ডিগ্রি কলেজ কর্তৃপক্ষের দায়িত্বহীনতার কারণে প্রবেশপত্র না আসায় রোজিনা আক্তার নামের এক পরীক্ষার্থী গতকাল বুধবার এইচএসসি পরীক্ষা দিতে পারেনি। উপজেলার মালিরচর চালাকপাড়া গ্রামের দরিদ্র কৃষক ফজল হকের মেয়ে রোজিনা।
কলেজ ও ভুক্তভোগী শিক্ষার্থী সূত্রে জানা যায়, কলেজ থেকে যথানিয়মে রোজিনা এইচএসসি পরীক্ষার ফরম পূরণের জন্য তিন হাজার টাকা ফি জমা দেয়। কিন্তু অনলাইনে পরীক্ষার ফরম পূরণের দায়িত্বে থাকা কলেজের সহকারী প্রভাষক মোহাম্মদ কারিমূল ইসলাম রোজিনার ফরম পূরণ করেননি। এ কারণে বোর্ড থেকে প্রবেশপত্রও আসেনি।
গত সোমবার রোজিনা প্রবেশপত্র আনতে কলেজে যায়। কিন্তু কলেজ কর্তৃপক্ষ তাকে জানায়, ফরম পূরণ না হওয়ায় বোর্ড থেকে প্রবেশপত্র আসেনি। এ কথা শুনে রোজিনা কান্নায় ভেঙে পড়ে। এ ছাড়া রোজিনার মতো ওই কলেজের ডিগ্রি পরীক্ষার্থী লাভলীর ফরমও পূরণ না হওয়ায় প্রবেশপত্র আসেনি। তিনি ১৮ এপ্রিল থেকে অনুষ্ঠেয় ডিগ্রি পরীক্ষায় অংশ নিতে পারবেন না।
খাতেমুন মঈন মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ হেলাল উদ্দিন খান বলেন, অনলাইনের মাধ্যমে সব ফরম পূরণের দায়িত্ব দেওয়া হয়েছিল ওই শিক্ষককে। কিন্তু রোজিনা আক্তার ও লাভলীর ফরম পূরণ করা হলেও তা ভুলক্রমে কম্পিউটার থেকে পাঠানো হয়নি। তাঁদের দুজনের এ বছর পরীক্ষা দেওয়ার আর কোনো সুযোগ নেই। তবে তাঁদের আগামী বছর পরীক্ষায় অংশ নেওয়া পর্যন্ত সব খরচ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কলেজ কর্তৃপক্ষ।
এ ঘটনায় প্রভাষক কারিমূল ইসলামের সঙ্গে যোগাযোগের জন্য একাধিকবার কল দেওয়া হলেও তিনি ধরেননি।