শিক্ষকের অশোভন আচরণে বিদ্যালয় ছেড়েছে ছাত্রী
শরীয়তপুরের ডামুড্যা উপজেলার ছাতিয়ানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অশোভন আচরণে বিদ্যালয়ে যাওয়া ছেড়ে দিয়েছে পঞ্চম শ্রেণীর এক ছাত্রী। ১২ জুন থেকে মেয়েটি লজ্জায় বাড়ি থেকে বের হচ্ছে না। গতকাল মঙ্গলবার থেকে পঞ্চম শ্রেণীর মডেল টেস্ট পরীক্ষা শুরু হলেও ছাত্রীটি পরীক্ষা দিতে পারছে না।মেয়েটির পরিবার ও স্থানীয় সূত্র জানায়, পশ্চিম ছাতিয়ানি গ্রামের ওই মেয়েটির দেড় বছর বয়সে বাবা মারা যান। তার মা ঢাকায় ঝিয়ের কাজ করেন। বিধবা নানি ছাতিয়ানি বাজারে চা বিক্রি করে মেয়েটির ভরণপোষণ ও শিক্ষাব্যয় নির্বাহ করেন।১২ জুন সকাল সাড়ে সাতটার দিকে মেয়েটি কোচিংয়ের জন্য বিদ্যালয়ে গেলে অন্য শিক্ষার্থীদের শ্রেণীকক্ষে পাঠিয়ে সিঁড়িঘরে মেয়েটির সঙ্গে অশোভন আচরণ করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক। সে বই-খাতা ফেলে বিদ্যালয় থেকে চলে যায়। বিষয়টি সে তার নানিকে জানালে নানি স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জুলহাস মিয়াকে ঘটনা অবহিত করেন। জুলহাস মিয়া ওই শিক্ষকের পক্ষ নিয়ে ঘটনাটি কাউকে না জানানোর জন্য মেয়েটির নানিকে চাপ দেন। পরে তিনি স্থানীয়ভাবে বিচার না পেয়ে বিষয়টি লিখিতভাবে ডামুড্যা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে অবহিত করেন।ছাত্রীটি বলে, ‘বিদ্যালয়ে আমাকে একা পেয়ে প্রধান শিক্ষক বাজে কথা বলতেন এবং অশোভন আচরণ করতেন। ওই দিন তিনি আমার সঙ্গে অশোভন আচরণ করেন এবং কুপ্রস্তাব দেন। এ কথা কাউকে না বলার জন্য তিনি আমাকে ভয় দেখান। আমি ভয়ে ও লজ্জায় ঘর থেকে বের হই না। মঙ্গলবার থেকে মডেল টেস্ট পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষায় অংশ নিতে পারছি না।’মেয়েটির নানি বলেন, ‘আমরা দরিদ্র মানুষ, আমার নাতনি শিশুবয়সে শিক্ষকের কাছে যে নোংরা আচরণের শিকার হয়েছে, তার বিচার চাই।’ কনেশ্বর ইউপির সদস্য জুলহাস মিয়া বলেন, ‘মেয়েটির নানি এ রকম একটি অভিযোগ করেছে। আমরা বিষয়টি খতিয়ে দেখেছি। তা সঠিক নয়।’ছাতিয়ানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, ‘আমি ষড়যন্ত্রের শিকার। বিদ্যালয়ের শিশুরা আমার সন্তানের মতো। তাদের সঙ্গে অশোভন আচরণের প্রশ্নই ওঠে না।’ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হামিদুল হক বলেন, ‘ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের একটি লিখিত অভিযোগ পেয়েছি। মডেল টেস্ট পরীক্ষার জন্য তিন-চার দিন ব্যস্ত আছি। এরপর বিষয়টি তদন্ত করা হবে।’