শিক্ষকের ওপর আ.লীগ সমর্থকদের হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের কালিহাতীতে সরকারদলীয় সমর্থকেরা এক শিক্ষকের ওপর হামলা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আহত ওই শিক্ষককে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কালিহাতী উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আবদুস সামাদ জানান, উপজেলা পরিষদে উপবৃত্তিবিষয়ক একটি সেমিনারে যোগ দিতে যান বানকিনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল খায়ের। তিনি সেমিনার শুরু হওয়ার আগে আওয়ামী লীগের স্থানীয় এক নেতার সঙ্গে কথা বলছিলেন। একপর্যায়ে অনেক নেতা মন্ত্রীর নাম ভাঙিয়ে মানুষের কাছ থেকে টাকাপয়সা নেন বলে তিনি মন্তব্য করেন। এতে আওয়ামী লীগের ওই নেতা ক্ষিপ্ত হয়ে ওঠেন। এ সময় আশপাশের কয়েকজন সরকারদলীয় সমর্থক এসে ওই নেতার সঙ্গে যোগ দেন। একপর্যায়ে তাঁকে উপজেলা পরিষদের চেয়ারম্যান হাসান ইমাম খানের কক্ষে নিয়ে যাওয়া হয়। উপজেলা চেয়ারম্যান তাঁকে ধমক দিয়ে কক্ষ থেকে বের করে দেন। পরে বাইরে এলে সরকারদলীয় কয়েকজন সমর্থক তাঁকে মারধর করেন। এ সময় চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে তাঁকে উদ্ধার করেন। পরে তাঁকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

কালিহাতী থানার ওসি জহুরুল ইসলাম জানান, এ বিষয়ে তিনি কিছু জানেন না।

তবে হাসান ইমাম খান বলেন, ‘মন্ত্রীর বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ করে মন্তব্য করায় এক শিক্ষককে আমার অফিসে নিয়ে আসা হয়েছিল। তাঁকে লাঞ্ছিত করার ঘটনা ঘটেনি।’