শিক্ষকের ওপর এসিড ছোড়ার ঘটনায় কলেজছাত্র গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা শহরের আওয়ার লেডি অব ফাতিমা গার্লস হাইস্কুলের দুজন শিক্ষকের ওপর এসিড ছোড়ার ঘটনায় মো. হোসেন ফাহাদ (১৮) নামের এক ছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি কুমিল্লা সরকারি কলেজের উচ্চমাধ্যমিক শ্রেণীর ব্যবসায় শিক্ষা বিভাগের প্রথম বর্ষের ছাত্র। গত মঙ্গলবার রাত নয়টার দিকে শহরের রাজগঞ্জ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর বাসা ওই এলাকায়। গ্রেপ্তারের পর গতকাল বুধবার ফাহাদকে কুমিল্লার ১ নম্বর আমলি আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। বিচারক সাইদুর রহমান আজ রিমান্ড শুনানির তারিখ ধার্য করেন এবং ফাহাদকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।কুমিল্লার কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) জসিম উদ্দিন বলেন, ফাহাদ আদালতে এসিড নিক্ষেপের ঘটনার সঙ্গে নিজের সংশ্লিষ্টতার কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। এদিকে গ্রেপ্তারের পর ফাহাদ গণমাধ্যমকর্মীদের জানান, নগরের ছাতিপট্টি এলাকার ভূঁইয়া ট্রেডার্সের মালিক রিয়াদ আওয়ার লেডি অব ফাতিমা গার্লস হাইস্কুলের দশম শ্রেণীর এক ছাত্রীকে পছন্দ করতেন। ওই ছাত্রীকে বাসায় গিয়ে প্রাইভেট পড়াতেন শিক্ষক আল আমিন। বিষয়টি কোনোভাবেই মেনে নিতে পারেননি রিয়াদ। একপর্যায়ে শিক্ষক আল আমিনকে এসিডে ঝলসে দেওয়ার সিদ্ধান্ত নেন রিয়াদ। ফাহাদ দাবি করেন, গত ২১ এপ্রিল বেলা দুইটার দিকে রিয়াদ তাঁকে আওয়ার লেডি অব ফাতিমা গার্লস হাইস্কুলের সামনে মোটরসাইকেল নিয়ে আসতে বলেন। কথামতো তিনি সেখানে হাজির হন। কিছুক্ষণ পর শিক্ষক আল আমিন ও জসিম উদ্দিন স্কুল থেকে বের হয়ে বাসায় যাওয়ার জন্য রিকশা নেন। রিকশাটির পিছু নেন তাঁরা। পুরোনো চৌধুরীপাড়া এলাকার টিঅ্যান্ডটি অফিসসংলগ্ন মসজিদের কাছে রিকশার গতিরোধ করা হয়। এরপর দ্রুত শিক্ষকদের মুখে ও চোখে এসিড ছুড়ে তাঁরা পালিয়ে যান। ফাহাদের দাবি, রিকশার পিছু নেওয়ার সময় রিয়াদ মোটরসাইকেল চালাচ্ছিলেন। এসিডও ছোড়েন রিয়াদ। রিয়াদের সঙ্গে গত ২৮ এপ্রিল তাঁর শেষবারের মতো কথা হয়। তিনি এখন ঢাকায় অবস্থান করছেন। কুমিল্লার সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ ইলতুৎমিশ প্রথম আলোকে বলেন, ঘটনার পর রিয়াদ তাঁর প্রাইভেট কার একটি গ্যারেজে রাখেন। ওই গ্যারেজে ছাই রঙের প্রাইভেট কারটি প্রথমে সাদা রং করা হয়। পরে তা কালো রং করা হয়। একই সঙ্গে গাড়ির নম্বর প্লেটও খুলে ফেলা হয়।