শিক্ষকের ওপর হামলা, ক্লাস-পরীক্ষা বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজের গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মোশাররফ হোসেন খানের ওপর হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে কলেজের ক্লাস-পরীক্ষাসহ সব কার্যক্রম গতকাল সোমবার থেকে বন্ধ রয়েছে। কলেজের শিক্ষক পরিষদের জরুরি বৈঠকে গতকাল তিন দিনের জন্য শিক্ষা কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। স্থানীয় সূত্র জানায়, সন্ত্রাসীরা শহরের খড়কি এলাকায় মোশাররফ হোসেন খানের ওপর গত রোববার রাতে হামলা করে। এতে তাঁর ডান হাত ভেঙে যায়। গুরুতর আহতাবস্থায় তাঁকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই ঘটনার প্রতিবাদে গতকাল সকালে কলেজের সাধারণ শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন। কলেজের অধ্যক্ষ এস এম ইবাদুল হক বলেন, কলেজের শতাধিক শিক্ষকের উপস্থিতিতে অনুষ্ঠিত বৈঠকে তিন দিনের প্রতিবাদ কর্মসূচি পালনের সিদ্ধান্ত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টায় কলেজ ক্যাম্পাসে শিক্ষকদের মানববন্ধন এবং আগামীকাল কালো ব্যাজ ধারণ ও মৌন মিছিল হবে। আহত শিক্ষক মোশাররফ হোসেন খান হামলার বর্ণনা দিতে গিয়ে প্রথম আলোকে বলেন, ‘খড়কি বাইলেন এলাকার নির্মাণাধীন একটি বাড়ির কাছে পাথরের ওপর একটি শিশু খেলা করছিল। পাথরের ওপর থেকে পড়ে গিয়ে আঘাত পেতে পারে ভেবে আমি শিশুটিকে নেমে যেতে বলি। এ সময় পাশ থেকে তৌহিদ নামের এক বখাটের নেতৃত্বে ৮-১০ জন লাঠিসোঁটা নিয়ে এসে আমাকে পেটাতে শুরু করে।’