শিক্ষকের ওপর হামলা, পাঁচ দিনেও কেউ গ্রেপ্তার হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝালকাঠির রাজাপুরে জেএসসি পরীক্ষায় শিক্ষার্থীকে প্রশ্নের উত্তর বলে না দেওয়ায় শিক্ষকের ওপর হামলার ঘটনার পাঁচ দিনেও জড়িত কেউ গ্রেপ্তার হয়নি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ১১ নভেম্বর জেএসসির গণিত পরীক্ষা চলাকালে রাজাপুর পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের ২৮ নম্বর কক্ষে দায়িত্ব পালনকালে শিক্ষক মনির হোসেনের কাছে কয়েকটি প্রশ্নের উত্তর জানতে চায় আওয়ামী লীগ নেতা কামাল সিকদারের ছেলে তাওছিফ। এতে অস্বীকৃতি জানান ওই শিক্ষক। পরে ওই দিনই তাওছিফের বাবা কামাল সিকদারের নেতৃত্বে চার-পাঁচজন ব্যক্তি ওই শিক্ষকের বাড়িতে হামলা চালান। হামলায় শিক্ষক মনির হোসেন ও তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী ইসরাত জাহানসহ পাঁচজন আহত হন। রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন শিক্ষক মনির হোসেন অভিযোগ করেন, ঘটনার পাঁচ দিন পেরিয়ে গেলেও কাউকে গ্রেপ্তার করা হয়নি। উল্টো হামলাকারী রাজাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মিলন মাহমুদের শ্যালক কামাল সিকদার মামলা তুলে নেওয়ার জন্য তাঁকে বিভিন্ন লোকজনের মাধ্যমে হুমকি দিচ্ছেন। এ ব্যাপারে রাজাপুর থানার উপপরিদর্শক (এসআই) আবদুল হালিম বলেন, এ ঘটনায় কামাল সিকদার ও তাঁর দুই চাচাতো ভাই আতিক ও লিঙ্কন সিকদারকে আসামি করে মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের জন্য তাঁদের বাড়িতে একাধিকবার অভিযান চালানো হয়েছে।