খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এ আর এম মুস্তাফিজার রহমানের ওপর হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের শাস্তির দাবি জানানো হয়েছে। বিএনপি ও জামায়াত-সমর্থিত শিক্ষকেরা গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করে এ দাবি জানান।জানা গেছে, ২৬ এপ্রিল জুমার নামাজ পড়ে বাড়ি ফেরার পথে খুলনা নগরের নিরালা আবাসিক এলাকায় ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মুস্তাফিজার রহমানের ওপর সন্ত্রাসীরা হামলা চালায়। ওই ঘটনায় জড়িত সন্ত্রাসীদের ও শিক্ষক আহসানুজ্জামানের শাস্তির দাবিতে গতকাল সকাল নয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিএনপি ও জামায়াত-সমর্থিত শিক্ষকেরা অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করেন। আওয়ামী লীগ-সমর্থিত শিক্ষকেরা গতকাল দুপুর ১২টায় খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন। এতে আহসানুজ্জামান দাবি করেন, ঘটনার সঙ্গে তাঁর কোনো সংশ্লিষ্টতা নেই। তা ছাড়া হামলাকারী যে-ই হোক, তাকে গ্রেপ্তার করে যেন শাস্তি দেওয়া হয়। তিনি বলেন, শিক্ষক লাঞ্ছিত হওয়ার ঘটনাকে পুঁজি করে কেউ যেন বিশ্ববিদ্যালয়ের পরিবেশ অশান্ত ও লেখাপড়ার বিঘ্ন ঘটাতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।