রাজধানীর বাড্ডায় তোবা গ্রুপের কারখানার সামনে শ্রমিক আন্দোলন চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সামিনা লুত্ফার ওপর হামলার ঘটনায় ক্ষমা চেয়েছে পুলিশ।
আজ রোববার সকালে এ ঘটনায় অভিযুক্ত বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিলকে নিয়ে পুলিশের চার সদস্যের একটি প্রতিনিধিদল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দপ্তরে গিয়ে ক্ষমা প্রার্থনা করেন।
প্রতিনিধিদলে ছিলেন পুলিশের রমনা জোনের সহকারী উপকমিশনার (এডিসি) শিবলী নোমান, সহকারী কমিশনার (এসি) আনোয়ার হোসেন ও শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম।
বাড্ডা থানার ওসি এম এ জলিল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিককে দেওয়া চিঠিতে দোষ স্বীকার করে বলেন, ‘এ ধরনের ঘটনার আর কোনো পুনরাবৃত্তি ঘটবে না। এ ঘটনার জন্য আমি অনুতপ্ত।’ তিনি ক্ষমা চেয়ে ওই চিঠিতে সই করেন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছাড়াও শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক রোবায়েত ফেরদৌসসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা উপস্থিত ছিলেন। শিক্ষকদের একাধিক সূত্র পুলিশের ক্ষমা চাওয়ার কথা জানিয়েছে।
তবে জানতে চাইলে পুলিশের এডিসি শিবলী নোমান বিষয়টি এড়িয়ে গিয়ে বলেন, ‘আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছিল। ওই ভুল বোঝাবুঝি নিরসন করতে আমরা বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলাম।’
৬ আগস্ট রাজধানীর বাড্ডায় তোবা গ্রুপের কারখানার সামনে আন্দোলন চলছিল। এ সময় বিশ্ববিদ্যালয়ের গবেষণার কাজে সেখানে যান সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক সামিনা লুত্ফা। নিজের পরিচয় দিয়েও তিনি রেহাই পাননি। পরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা বেশ কয়েক দিন মানববন্ধন করেন। শিক্ষক সমিতি ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাছে ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়ে একটি চিঠি পাঠান।