শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে কর্মবিরতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়াজ আহমেদের ওপর হামলার প্রতিবাদ ও দোষী ব্যক্তিদের শাস্তির দাবি জানিয়েছেন শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা। একই দাবিতে গতকাল সোমবার শিক্ষকেরা কর্মবিরতি পালন করেছেন। এ ছাড়া পাঁচ দফা দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে শিক্ষক সমিতি।
প্রত্যক্ষদর্শী ও বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, সমাজকর্ম বিভাগের প্রধান ও শিক্ষক সমিতির সহসভাপতি নিয়াজ আহমেদের ওপর হামলাকারীর সর্বোচ্চ শাস্তি ও ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারের দাবিতে কর্মবিরতি পালন করেছেন শিক্ষকেরা। শিক্ষক সমিতির ব্যানারে বেলা ১১টার দিকে টিচার্স ক্যানটিনের সামনে থেকে একটি মৌন মিছিল বের করা হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে উপাচার্য ভবনের সামনে সমাবেশ করে। এতে বক্তব্য দেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন আবদুল আউয়াল বিশ্বাস, লাইফ সায়েন্স অনুষদের ডিন নাজিয়া চৌধুরী, ইলেকট্রনিকস অ্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান মুহম্মদ জাফর ইকবাল, কেমিকৌশল ও পলিমার বিজ্ঞান বিভাগের অধ্যাপক আখতারুল ইসলাম, গণিত বিভাগের অধ্যাপক সাজেদুল করিম প্রমুখ। পরে পাঁচ দফা দাবিতে উপাচার্য মো. আমিনুল হক ভূইয়ার কাছে স্মারকলিপি দিয়েছে শিক্ষক সমিতি।
গত বৃহস্পতিবার সকালে নিয়াজ আহমেদের দপ্তরে ঢুকে তাঁকে কুপিয়ে জখম করেন ওয়েস আহমদ নামের একই বিভাগের স্নাতকোত্তর শ্রেণির এক শিক্ষার্থী।