শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
সুনামগঞ্জে একটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। গতকাল সোমবার বেলা দুইটার দিকে শহরের আলফাত স্কয়ার এলাকায় সদর উপজেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির ব্যানারে ওই মানববন্ধন হয়।
হামলায় আহত প্রধান শিক্ষক বেলাল আহমদ (৪৫) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি সদর উপজেলার ইয়াকুব উল্লাহ পাবলিক উচ্চবিদ্যালয়ে কর্মরত আছেন। গত বছর নুরুজ আলী নামের এক শিক্ষার্থীকে বহিষ্কার করেন বেলাল আহমেদ। এ ছাড়া ওই বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক গুল আহমেদ প্রধান শিক্ষক হতে চাইলেও তাঁর কারণে হতে পারেননি। গত রোববার নুরুজ আলী ও তাঁর সহযোগীরা বেলাল আহমেদের কক্ষে গিয়ে তাঁর ওপর হামলা চালান। এ সময় পাশের কক্ষ থেকে এসে গুল আহমেদও তাঁকে মারধর করেন।
মানববন্ধনে বক্তৃতা করেন সদর উপজেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ফররুখ আহমদ, সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, শিক্ষক নাসিমা রহমান, মো. রুহুল আমীন, আবদুল গফুর, আকবর হোসেন প্রমুখ।