কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির যুগ্ম সম্পাদক ইকবাল হোসাইনের ওপর হামলা ও তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়ার প্রতিবাদে শোভাযাত্রা ও সমাবেশ করা হয়েছে। গতকাল বুধবার শিক্ষক সমিতির ব্যানারে ওই কর্মসূচি পালন করা হয়।দুপুর একটার দিকে বিশ্ববিদ্যালয়ের মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের সামনে থেকে প্রতিবাদ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক এম এয়াকুব আলী। সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক আ ছ ম তরিকুল ইসলামের পরিচালনায় সমাবেশে বক্তৃতা করেন আলীনুর রহমান, আবু সিনা, মো. সেলিম প্রমুখ। বক্তারা অধ্যাপক ইকবাল হোসাইনের ওপর হামলা ও তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।প্রসঙ্গত, গত মঙ্গলবার রাতে কুষ্টিয়া শহরে অজ্ঞাতনামা পাঁচ-ছয়জন ইকবাল হোসাইনের ওপর হামলা করে এবং উপাচার্য ও সহ-উপাচার্যের বিরুদ্ধে কোনো আন্দোলনে গেলে তাঁকে মেরে ফেলা হবে বলে হুমকি দেয়।