সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা উপাচার্য ভবনের প্রধান ফটকে অবস্থান কর্মসূচি পালন করেছেন।
ওই বিভাগের শিক্ষক নিয়াজ আহমেদকে কুপিয়ে জখম করার ঘটনার বিচারের দাবিতে তাঁরা গতকাল সোমবার এই কর্মসূচি পালন করেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত ২৮ আগস্ট সমাজকর্ম বিভাগের প্রধান নিয়াজ আহমেদকে একই বিভাগের এক শিক্ষার্থী কুপিয়ে জখম করেন।
এই ঘটনায় জড়িত ওই শিক্ষার্থীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল দুপুর সাড়ে ১২টায় বিভাগ থেকে মৌন মিছিল বের করা হয়। মিছিলটি ক্যাম্পাস ঘুরে উপাচার্য ভবনের প্রধান ফটকের সামনে শেষ হয়।
পরে সেখানেই আধা ঘণ্টার অবস্থান কর্মসূচি পালন করা হয়। এতে সমাজকর্ম বিভাগের দায়িত্বপ্রাপ্ত বিভাগীয় প্রধান ফয়সল আহম্মদ, শিক্ষক তুলসী কুমার দাস, আ ক ম মাহবুবুজ্জামান, আমেনা পারভিন, তাহমিনা ইসলামসহ শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।