শিক্ষকের ওপর হামলার বিচারের দাবিতে মৌন মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সমাজকর্ম বিভাগের প্রধান অধ্যাপক নিয়াজ আহমেদকে কোপানোর ঘটনায় জড়িত শিক্ষার্থীর বিচারের দাবিতে ওই বিভাগের শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীরা মৌন মিছিল কর্মসূচি পালন করেছেন।
আজ সোমবার দুপুর সাড়ে ১২টা থেকে একটা পর্যন্ত উপাচার্য ভবনের প্রধান ফটকে এ কর্মসূচি পালন করা হয়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, সমাজকর্ম বিভাগের অধ্যাপক নিয়াজ আহমেদের ওপর একই বিভাগের এক শিক্ষার্থীর হামলার ঘটনায় অপরাধী ছাত্রের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ দুপুর সাড়ে ১২টার দিকে ওই বিভাগ থেকে মৌন মিছিল বের করা হয়। মিছিলটি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে উপাচার্য ভবনের প্রধান ফটকের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানেই আধা ঘণ্টার অবস্থান কর্মসূচি পালন করা হয়। এতে সমাজকর্ম বিভাগের দায়িত্বপ্রাপ্ত বিভাগীয় প্রধান মো. ফয়সল আহম্মদ, অধ্যাপক তুলসী কুমার দাস, অধ্যাপক আ ক ম মাহবুবুজ্জামান, সহযোগী অধ্যাপক আমেনা পারভিন, তাহমিনা ইসলামসহ বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
সমাজকর্ম বিভাগের সহযোগী অধ্যাপক তাহমিনা ইসলাম প্রথম আলোকে বলেন, ‘অধ্যাপক নিয়াজ আহমেদের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার শিক্ষার্থীকে পুলিশ রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেনি বলে আমরা জেনেছি। এ ছাড়া মামলার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কোনো দক্ষ আইনজীবী নিয়োগ দেওয়া হয়নি। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। এ বিষয়ে বিভাগীয় সভার সিদ্ধান্ত অনুসারে বিভাগের সবার নিরাপত্তা, দুইজন দক্ষ আইনজীবী নিয়োগ ও মামলার অগ্রগতি নিয়মিতভাবে বিভাগের শিক্ষকদের জানানোর দাবিতে আগামী বৃহস্পতিবার পর্যন্ত আমরা আজকের মতো একই সময়ে একই কর্মসূচি পালন করব। বৃহস্পতিবারের মধ্যে এসব বিষয়ের সুরাহা না হলে বিভাগীয় সভা করে নতুন কর্মসূচি দেওয়া হবে।’
এ বিষয়ে বক্তব্য জানতে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও উপাচার্য মো. আমিনুল হক ভূইয়া ফোন ধরেননি।