শিক্ষকের ওপর হামলায় জড়িত পুলিশের শাস্তি দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) দুই শিক্ষকের ওপর পুলিশের হামলার প্রতিবাদে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তির দাবিতে গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি মানববন্ধন কর্মসূচি পালন করে। এ সময় শিক্ষকেরা কালো ব্যাজ ধারণ ও মৌন মিছিল করেন।গতকাল বেলা একটার দিকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে আয়োজিত এসব কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষক অংশ নেন। মানববন্ধন শেষে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন শিক্ষক সমিতির সভাপতি ফজলুল করিম ও সাধারণ সম্পাদক আবদুল লতিফ। তাঁরা শিক্ষকদের ওপর হামলার ঘটনায় সুষ্ঠু তদন্ত ও দোষীদের খুঁজে বের করে শাস্তির দাবি করেন।শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবদুল লতিফ প্রথম আলোকে বলেন, গত ২৯ জানুয়ারি রাত নয়টার দিকে পুলিশের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষের সময় নিজেদের পরিচয় দেওয়ার পরও প্রক্টর সেকেন্দার আলী ও সহকারী প্রক্টর আরফান আলীকে বেধড়ক মারধর করে পুলিশ। পুলিশের হামলায় প্রক্টর সেকেন্দার আলীর মাথা ফেটে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান।