শিক্ষকের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রায়কালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুকুল ইসলামের (৪৫) ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে উপজেলার প্রাথমিক শিক্ষকেরা মানববন্ধন করেছেন। গতকাল রোববার দুপুরে উপজেলা পরিষদ কার্যালয় চত্বরে এ কর্মসূচি পালিত হয়।
এক ঘণ্টার মানববন্ধন শেষে উপজেলা পরিষদ চত্বরে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ হয়। এতে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আবু বক্কর সিদ্দিক সভাপতিত্ব করেন। সমাবেশে বক্তব্য দেন জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আ খ ম আজাদ, উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আ ফ ম রায়হান, উপজেলা শিক্ষক সমাজের সভাপতি সমীর কুমার বসাক প্রমুখ। বক্তারা পুলিশ প্রশাসনকে আজ সোমবারের মধ্যে হামলাকারীদের গ্রেপ্তারের সময় বেঁধে দেন। না হলে কঠোর কর্মসূচির হুমকি দিয়েছেন।
উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আবু বক্কর সিদ্দিক বলেন, গত বৃহস্পতিবার মুকুল ইসলাম প্রশিক্ষণ নিতে উপজেলা সদরে আসেন। ফিরতি পথে তাঁর বাড়ি আমানপুর গ্রামের অদূরে সন্ত্রাসীরা পথ রোধ করে তাঁকে লোহার রড দিয়ে পিটিয়ে ডান পা ভেঙে দিয়েছে। বর্তমানে তিনি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। হামলাকারীরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ তাদের ধরছে না। সোমবারের মধ্যে হামলাকারীরা গ্রেপ্তার না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।
যোগাযোগ করা হলে আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।