শিক্ষকের কাণ্ড
ফরিদপুরের ভাঙ্গার কালামৃধা ইউনিয়নের গোবিন্দ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন আটক হয়েছেন। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি তাঁর এক সহকর্মীর স্ত্রীর গোসলের দৃশ্য মুঠোফোনে ধারণ করেছেন। এ ঘটনায় তাঁকে বিদ্যালয় থেকে সাময়িকভাবে বরখাস্তও করা হয়েছে।
ওই শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি ও গ্রেপ্তারের দাবিতে গতকাল সোমবার সকাল থেকে বিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকাবাসী বিক্ষোভ করেন। শিক্ষককে অবরুদ্ধ করে রাখেন তাঁর কার্যালয় কক্ষে। খবর পেয়ে ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিদ্যালয়ে গিয়ে আলমগীর হোসেনকে উদ্ধার করেন।
বিক্ষোভে শত শত লোক অংশ নেন। বিদ্যালয় পরিচালনা পর্ষদ তাৎক্ষণিক সভা করে প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত করে। বিকেলে তাঁকে বিদ্যালয় থেকে আটক করে পুলিশ। এ সময় এলাকাবাসী তাঁর ওপর চড়াও হওয়ার চেষ্টা করলে ভাঙ্গা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে। তাঁকে নেওয়া হয় থানায়।
ভুক্তভোগী নারীর স্বামী ও পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার বেলা দেড়টার দিকে স্কুলের পাশে অবস্থিত নিজ বাসার গোসলখানায় গোসল করছিলেন ওই বিদ্যালয়ের এক শিক্ষকের স্ত্রী। গোসলের একপর্যায়ে তিনি গোসলখানার ওপরের দিকে ফাঁকা অংশে একটি হাত ও মুঠোফোন দেখতে পেয়ে মুঠোফোনটি থাবা দিয়ে কেড়ে নেন। তখন ভিডিও ধারণকারী দৌড়ে চলে যান। পরে দেখা যায়, মুঠোফোনটি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের। তাঁর বাসাও বিদ্যালয়ের পাশে। ঘটনাটি জানাজানি হওয়ার পর ক্ষিপ্ত হয়ে ওঠেন শিক্ষার্থী, শিক্ষকসহ এলাকাবাসী।
তবে প্রধান শিক্ষক আলমগীর হোসেন (৪৫) বলেন, ‘আমি এ ভিডিও করিনি। কাজটি আমার পঞ্চম শ্রেণিতে পড়ুয়া ছেলে করেছে। অপরাধ করে থাকলে আমার ছেলে করেছে। আমি নির্দোষ।’
ইউএনও মো. আলমগীর হোসেন বলেন, ‘বিদ্যালয়ে গিয়ে দেখি, হাজার হাজার লোক বিক্ষোভ করছে। শিক্ষার্থী, এলাকাবাসী উত্তেজিত। তারা প্রধান শিক্ষকের বিচার চায়। আমাদের উপস্থিতিতেই কমিটি তাকে সাময়িক বরখাস্ত করে।’
প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান ওসি নাজমুল ইসলাম।