শিক্ষকের গাড়ি চাপায় নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আহাজারি করেন নিহত গিয়াস উদ্দিনের এক স্বজন। ছবি: আনিস মাহমুদ, সিলেট
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আহাজারি করেন নিহত গিয়াস উদ্দিনের এক স্বজন। ছবি: আনিস মাহমুদ, সিলেট

সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের গাড়ি চাপায় এক কলেজ শিক্ষকসহ দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন তিনজন। আজ শনিবার বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সিলেট ছাতক ডিগ্রি কলেজের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক শেখ আতাউর রহমান (৫৫) ও তাঁর সঙ্গে থাকা গিয়াস উদ্দিন (৭০)।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, দুপুর সাড়ে বারোটার দিকে আতাউর ও গিয়াস হেঁটে প্রধান ফটক দিয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকছিলেন। সঙ্গে আতাউরের মেয়ে রাহিবাও (১৫) ছিল। এ সময় ওই ফটক দিয়ে প্রাইভেট কার চালিয়ে ঢুকছিলেন বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল বিভাগের প্রধান অধ্যাপক আরিফুল ইসলাম। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে তাঁর গাড়িটি আতাউর ও গিয়াসকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে নিহত হন আতাউর ও গিয়াস। আহত হন শিক্ষক আরিফুল, তাঁর গাড়ি চালক আবুল কালাম আজাদ ও নিহত আতাউরের মেয়ে রাহিবা। আরিফুল বিশ্ববিদ্যালয় স্বাস্থ্যকেন্দ্র থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। বাকি দুজন সিলেট এমএজি ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন।
শিক্ষক আরিফুলের গাড়ি চালক আবুল কালাম আজাদ সাংবাদিকদের বলেন, শিক্ষক আরিফুল সিলেট শহরে থাকেন। সেখান থেকে আজ আরিফুলকে নিয়ে তিনি (আবুল কালাম আজাদ) বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে রওনা দেন। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের কাছাকাছি এলে শিক্ষক আরিফুল তাঁকে পাশের আসনে বসিয়ে নিজেই চালকের আসনে বসেন। এরপর গাড়ি চালিয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকছিলেন তিনি। 

আবুল কালাম বলেন, ‘স্যার (শিক্ষক আরিফুল) মাঝে মাঝে গাড়ি চালান।’ এ ব্যাপারে জানতে বেশ কয়েকবার মুঠোফোনে যোগাযোগ করা হলে শিক্ষক আরিফুলের ফোন বন্ধ পাওয়া যায়।
জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন বলেন, প্রাইভেটকারটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য দুটি লাশ সিলেট এমএজি ওসমানী হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
জানা গেছে, নিহত দুজনের গ্রামের বাড়ি সিলেটের জগন্নাথপুর উপজেলার কাতিয়া এলাকায়। তাঁরা কেন বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন তা জানা যায়নি। আজ বিকেল পাঁচটার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিহত দুজনের পরিবারের কারও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।