শিক্ষকের গায়ে হাত তুললেন জনপ্রতিনিধি
নিজের একসময়কার শিক্ষককে বাড়িতে ডেকে পাঠিয়েছিলেন এক ইউপি সদস্য। শিক্ষক না গিয়ে ওই ইউপি সদস্যকে আসতে বলেছিলেন তাঁর কাছে। এতে ক্ষিপ্ত হয়ে জনপ্রতিনিধি তাঁর শিক্ষককে মারধর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।গতকাল বুধবার নাটোর সদর উপজেলার হালসা বাজারে এ ঘটনা ঘটেছে। প্রতিবাদে স্কুলের শিক্ষার্থীরা বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে। ওই জনপ্রতিনিধি দাবি করেছেন, তিনি শিক্ষককে টানাহেঁচড়া করেছেন শুধু, মারধর করেননি। তবে প্রত্যক্ষদর্শী হালসা গ্রামের পশ্চিমপাড়ার বাসিন্দা মেহেদি হাসান ও বুলবুল আহমেদ জানান, ইউপি সদস্য খোরশেদ ওই শিক্ষককে তাঁর লাইব্রেরি থেকে টেনেহিঁচড়ে বাইরে এনে জুতাপেটা করেন।নাটোর সদর থানার পুলিশ সূত্রে জানা গেছে, সদর উপজেলার হালসা ইউনিয়ন পরিষদের (ইউপি) ৪ নম্বর ওয়ার্ডের সদস্য খোরশেদ আলম (২৭) গতকাল সকাল নয়টায় হালসা উচ্চবিদ্যালয়ের ইংরেজির শিক্ষক আবদুল কুদ্দুসকে (৪৮) তাঁর বাড়িতে ডেকে পাঠান। এ সময় ওই শিক্ষক স্থানীয় বাজারে তাঁর নিজস্ব লাইব্রেরিতে প্রাইভেট পড়াচ্ছিলেন। এ কারণে তিনি ইউপি সদস্যকে তাঁর লাইব্রেরিতে আসতে বলেন। এতে ওই ইউপি সদস্য ক্ষিপ্ত হয়ে শিক্ষার্থীদের সামনেই শিক্ষককে শার্টের কলার ধরে টেনেহিঁচড়ে লাইব্রেরি থেকে বাইরে এনে তাঁকে জুতাপেটা করেন। একপর্যায়ে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করেন। এ খবর হালসা উচ্চবিদ্যালয়ে পৌঁছালে শিক্ষার্থীরা ক্লাস ছেড়ে হালসা বাজারে ছুটে আসে। তারা বাজারে বিক্ষোভ মিছিল করে এবং বাজারসংলগ্ন নাটোর-নাজিরপুর সড়ক অবরোধ করে রাখে। খবর পেয়ে বেলা সোয়া একটার দিকে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন ঘটনাস্থলে যান। তিনি সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে শিক্ষার্থীরা দেড়টায় অবরোধ তুলে নেয়।শিক্ষক আবদুল কুদ্দুস বলেন, ‘খোরশেদ একসময় আমার ছাত্র ছিল। সে আমাকে যখন-তখন ডেকে পাঠাতে পারে না। শিক্ষার্থীদের পড়ালেখায় বিঘ্ন হবে ভেবে তাৎক্ষণিক তার কাছে যেতে পারিনি। তাই বলে সে আমাকে এভাবে নির্যাতন করবে, ভাবতেই পারছি না।’ইউপি সদস্য খোরশেদ আলম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘স্যারের বিরুদ্ধে এক মহিলা আমার কাছে নালিশ করেছিল। সে ব্যাপারে আমি তাঁকে ডেকেছিলাম। স্যার না এসে বরং আমাকে গালাগালি করেছেন। তাই মাথা গরম হয়েছিল। তাঁকে টানাহেঁচড়া করেছি। তবে মারিনি।’ সদর থানার ওসি আবদুল্লাহ আল মামুন বলেন, এ ঘটনায় শিক্ষক বাদী হয়ে মামলা করেছেন। তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্ত ইউপি সদস্য পলাতক থাকায় তাঁকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।