শিক্ষকের জন্য শোক, বন্ধুকে পেতে প্রতিবাদ

অপহরণের ছয় দিন পরও উদ্ধার হয়নি মেহেরপুরের সেই স্কুলছাত্র আতাউর রহমান রকি। এমনকি তার অবস্থান সম্পর্কেও আঁচ করতে পারছে না কেউ। আতাউরের সন্ধান ও উদ্ধারের দাবিতে গতকাল সোমবার এক ঘণ্টা নীরবতা পালন করেছে তার স্কুলের শিক্ষার্থীরা।গত ৪ সেপ্টেম্বর রাতে সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের শুভরাজপুর গ্রামে নানা আবদুল হালিমকে গুলি করে হত্যার পর নাতি আতাউরকে অপহরণ করে নিয়ে যায় দুর্বৃত্তরা। শিশুটির বাবা আলী হোসেন দক্ষিণ আফ্রিকায় থাকেন। নানা আবদুল হালিম ছিলেন একই ইউনিয়নের নিশ্চিন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। কুতুবপুরের শুভরাজপুর আশার আলো প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র আতাউর।গতকাল ওই বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ক্লাস বন্ধ রেখে শিক্ষার্থীরা নীরবতা পালন করছে। তারা বেঞ্চের ওপর মাথা নুইয়ে পূর্বঘোষিত এ কর্মসূচি পালন করে। এরপর ক্লাসে অংশ নেয় তারা।আতাউরের অপহরণের ঘটনায় স্কুলের শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। আতাউরের সহপাঠী হাবিবা সুলতানা (৯) বলে, ‘এত কষ্ট আর আতঙ্ক নিয়ে পড়াশোনা করতে ভালো লাগে না। রকি অপহরণের পর ভয়ে রাতে ঘুম হয় না।’

আরেক সহপাঠী মকলেছুর রহমান (১০) বলে, ‘সকালে স্কুলে গেলে রকির অনুপস্থিতি মনে পড়ে। তখন পড়ায় মন বসে না।’শিশুটির নানার বাড়ি শুভরাজপুরে গিয়ে দেখা যায়, তার মা রাফিজা খাতুন (৩২) ছেলের বই-খাতা বুকে নিয়ে আহাজারি করছেন। সন্তানকে হারিয়ে তিনি প্রায় দিশেহারা। আতাউরের মা বলেন, তাঁর স্বামী বিদেশে থাকায় সন্ত্রাসীদের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছেন তাঁরা। সন্ত্রাসীদের ভয়ে সন্তানকে নিয়ে তিনি কখনো স্বামীর বাড়ি, কখনো বাবার বাড়িতে থাকতেন। ২০ দিন আগে সন্ত্রাসীরা তাঁর কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে বলেছিল, নইলে তাঁর ছেলেকে অপহরণ করা হবে। তিনি ভয়ে এ কথা কাউকে বলেননি। শুভরাজপুর গ্রামের বাসিন্দা আব্দুস সামাদ বলেন, গ্রামে বিজিবি ক্যাম্প থাকলে এসব খুন, অপহরণের ঘটনা ঘটত না। বিজিবি ক্যাম্প স্থাপনের জন্য তাঁরা আটজন এক একর তিন শতক জমি দিয়েছেন। জমি অধিগ্রহণও হয়েছে। কিন্তু ক্যাম্প হচ্ছে না।নাম প্রকাশ না করার শর্তে একাধিক গ্রামবাসী অভিযোগ করেন, ওই গ্রামের দুখু বাহিনী গত চার বছরে ১০ জনকে অপহরণ করেছে। এই বাহিনীর অনেকেই ভারতে থাকে। অপহূত ব্যক্তিরা পারিবারিক চেষ্টায় মুক্তিপণ দিয়ে ছাড়া পেয়েছে। গ্রামবাসীর অভিযোগ, সর্বশেষ ঘটনার পর ইদ্দুস আলী (৩৯) ও কুরবান আলী (৪২) নামে ওই গ্রামের দুজন গা ঢাকা দিয়েছেন। সদর থানার ওসি (তদন্ত) তরিকুল ইসলাম জানান, অপহূত শিশুকে জীবিত উদ্ধারের সর্বোচ্চ চেষ্টা চলছে। তাই কাউকে গ্রেপ্তার বা জিজ্ঞাসাবাদের কাজ শুরু করেনি পুলিশ। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৩২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরমান হোসেন জানান, অপহূত শিশুকে উদ্ধারে ভারতের ৮৫ বিএসএফের অধিনায়ক সুনীল কুমারের সঙ্গে বৈঠক হয়েছে। বিএসএফ শিশুটি উদ্ধারে ভারতের কিছু গ্রামে অনুসন্ধান চালিয়েছে। শুভরাজপুর গ্রামে বিজিবির ক্যাম্প স্থাপন প্রসঙ্গে আরমান হোসেন বলেন, শুভরাজপুরে বিজিবির ক্যাম্প স্থাপনে জমি অধিগ্রহণের কাজ শেষ পর্যায়ে। এরপর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিলে অবকাঠামোগত উন্নয়নকাজ শুরু হবে।