শিক্ষকের জমি আ.লীগ নেতার দখলে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদালতের নির্দেশ অমান্য করে পাবনার চাটমোহর উপজেলার সদর ইউনিয়নের ছোট শালিখা গ্রামের অবসরপ্রাপ্ত এক স্কুলশিক্ষকের বাড়ির জমির একাংশ দখল করে আওয়ামী লীগের স্থানীয় এক নেতা সীমানাপ্রাচীর নির্মাণ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।এলাকাবাসী, পুলিশ ও আদালতের নথি থেকে জানা গেছে, ১৯৮০ সালে চাটমোহর পাইলট উচ্চবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আনিছুর রহমান ছোট শালিখা মৌজায় ১২ দশমিক ৫ শতাংশ জমি কিনে বসবাস শুরু করেন। পরবর্তী সময়ে আনিছুর রহমানের প্রতিবেশী চাটমোহর পৌর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবদুর রউফ ওই জমির একাংশ নিজের বলে দাবি করেন। এরপর আদালতে মামলা হলে আদালত আবদুর রউফের দাবি নাকচ করে দেন। পরে তিনি আপিল করলে আদালত জমিটির ওপর স্থিতাবস্থা জারি করেন। কিন্তু ৯ জুলাই আবদুর রউফ আনিছুর রহমানের বসতবাড়ির জমির একাংশ দখল করে সীমানাপ্রাচীর নির্মাণ করেন।আনিছুর রহমান অভিযোগ করেন, ওই দিনই চাটমোহর থানার পুলিশকে ঘটনাটি জানানো হলেও তারা ঘটনাস্থলে আসেনি। অভিযোগের ব্যাপারে আবদুর রউফ বলেন, ‘আমি জোরপূর্বক কারও জমি দখল করি নাই। কোনো প্রভাবও খাটাই নাই। আমার নিজের জমিতেই আমি প্রাচীর দিয়েছি।’এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে শিক্ষক আনিছুর রহমান বাড়িটিতে বাস করছেন। চাকরির সুবাদে তাঁর ছেলেমেয়েরা বাইরে থাকেন। হঠাৎ করে আনিছুর রহমানের বাড়ির উঠানের ওপর দিয়ে নতুন দেয়াল তৈরি করেছেন আবদুর রউফ। কিন্তু প্রভাবশালী হওয়ায় এলাকাবাসী তাঁর বিরুদ্ধে কিছু বলার সাহস পাননি। চাটমোহর থানার ওসি আসাদুজ্জামান মুন্সি জানান, স্থানীয়ভাবে কয়েকবার সালিস-বৈঠক হয়েছে। কিন্তু কোনো পক্ষই সমঝোতায় আসেনি। প্রাচীর নির্মাণের খবর পেয়ে পুলিশ তিনবার ঘটনাস্থল পরিদর্শন করে এবং প্রাচীর নির্মাণের কাজ বন্ধ করে দেয়।