শিক্ষকের জামিন নামঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রলীগের কেন্দ্রীয় সহসম্পাদক দিয়াজ ইরফান চৌধুরী হত্যা মামলার আসামি কারাগারে আটক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আনোয়ার হোসেন চৌধুরীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার বিকেলে চট্টগ্রাম জেলা ও দায়রা জজ মো. হেলাল চৌধুরী শুনানি শেষে এ আদেশ দেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক আনোয়ার হোসেন গত বছরের ১৮ ডিসেম্বর চট্টগ্রাম আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠান। পরে আদেশটি পুনর্বিবেচনার আবেদন করে চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতে মিস মামলা করা হয়। আজ শুনানির দিন ধার্য ছিল।

সরকারি কৌঁসুলি এ কে এম সিরাজুল ইসলাম চৌধুরী প্রথম আলোকে বলেন, দিয়াজ হত্যা মামলায় শিক্ষক আনোয়ার জড়িত নন দাবি করে তার আইনজীবী আদালতকে জানান, জামিনে গেলে তিনি (আনোয়ার) পলাতক হবেন না। এ সময় রাষ্ট্রপক্ষ থেকে বিরোধিতা করা হয়। পরে আদালত জামিন আবেদন নামঞ্জুর করেন।

গত বছরের ২০ নভেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকায় নিজ বাসা থেকে দিয়াজের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। কেন্দ্রীয় রাজনীতিতে যাওয়ার আগে দিয়াজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ছিলেন। ছেলেকে হত্যা করা হয়েছে, এ অভিযোগ এনে তাঁর মা জাহেদা আমিন বাদী হয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক সহকারী প্রক্টর আনোয়ার হোসেন চৌধুরীসহ ১০ জনকে আসামি করে আদালতে মামলা করেন। অন্য আসামিরা হলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সভাপতি আলমগীর টিপু, সহসভাপতি আবদুল মালেক, মনসুর আলম, যুগ্ম সাধারণ সম্পাদক আবু তোরাব, সাংগঠনিক সম্পাদক মো. আরমান, প্রচার সম্পাদক রাশেদুল আলম, আপ্যায়ন সম্পাদক মিজানুর রহমান, সদস্য আরিফুল হক ও সাবেক ভারপ্রাপ্ত সভাপতি জামশেদুল আলম চৌধুরী। মামলার আর কোনো আসামি এখনো গ্রেপ্তার হয়নি।