শিক্ষকের তৎপরতায় বাল্যবিবাহ বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলায় গতকাল রোববার এক স্কুলছাত্রীর (১৩) বিয়ের আয়োজন করা হয়। খবর পেয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওই ছাত্রীর বাড়ি যান। অভিভাবকদের বাল্যবিবাহের কুফল সম্পর্কে জানান তিনি। পরে তাঁরা বিয়ে বন্ধ করে দেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিকভাবে ওই ছাত্রীর সঙ্গে বারহাট্টা উপজেলার সিংধা ইউনিয়নের এক তরুণের (২৫) বিয়ে ঠিক হয়। গতকাল দুপুরে ছাত্রীর বাড়িতে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়। খবর পেয়ে উপজেলার বাদশাগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম বেলা একটার দিকে ওই ছাত্রীর বাড়িতে যান। ছাত্রীর বাবা ও তাঁর স্বজনদের বাল্যবিবাহের কুফল, আইন লঙ্ঘন ও শাস্তির বিষয়ে জানান তিনি।

মো. নজরুল ইসলাম বলেন, ‘গণমাধ্যমকর্মীদের কাছ থেকে বাল্যবিবাহের খবর পেয়ে ছাত্রীর বাড়িতে গিয়েছিলাম। অভিভাবকেরা আমার কথা শুনে তার বিয়ে বন্ধ করে দিয়েছেন। বাল্যবিবাহ দেবেন না বলেও তাঁরা প্রতিজ্ঞা করেন।’

ধরমপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম কিবরিয়া বলেন, বাল্যবিবাহ বন্ধ করতে পুলিশের পক্ষ থেকেও পদক্ষেপ নেওয়া হয়। শিক্ষকেরা হচ্ছেন মানুষ গড়ার কারিগর। বাল্যবিবাহ প্রতিরোধে ওই শিক্ষকের এগিয়ে আসার বিষয়টি অত্যন্ত প্রশংসনীয়।