শিক্ষকের থাপ্পড়ে এসএসসি পরীক্ষার্থী হাসপাতালে
মানিকগঞ্জের দৌলতপুর সদরের প্রমোদ সুন্দরী (পিএস) উচ্চবিদ্যালয় কেন্দ্রে গতকাল বৃহস্পতিবার শিক্ষকের থাপ্পড়ে এক এসএসসি পরীক্ষার্থী গুরুতর আহত হয়েছে। তাকে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওই ছাত্রের নাম রাকিবুল ইসলাম আকাশ। বিদ্যালয় কর্তৃপক্ষ ও রাকিবুলের পরিবার সূত্রে জানা গেছে, গতকাল ক্যারিয়ার শিক্ষা বিষয়ের ২৫ মিনিটের বহুনির্বাচনী পরীক্ষা ছিল। পিএস উচ্চবিদ্যালয় কেন্দ্রের ২ নম্বর কক্ষে অন্যান্য পরীক্ষার্থীর সঙ্গে রাকিবুলও পরীক্ষা দেয়। ওই কক্ষের দায়িত্বে ছিলেন শিক্ষক আবু হানিফ। পরীক্ষা শেষে উত্তরপত্র জমা দেওয়ার সময় হাজিরা খাতায় রাকিবুলের সই না দেখে ক্ষিপ্ত হন আবু হানিফ। এরপর তিনি রাকিবুলের বাঁ কানে সজোরে থাপ্পড় মারেন। এতে রাকিবুলের কান দিয়ে রক্ত বের হয়ে যায়। এরপর রাকিবুলকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে দুপুরে তাকে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মিসবাহুল মুক্বাররাবিন বলেন, ওই পরীক্ষার্থী কানে প্রচণ্ড আঘাত পেয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
বিকেলে ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে গিয়ে দেখা যায়, হাসপাতালের ষষ্ঠ তলার ২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রাকিবুল। এ সময় কথা হলে তার ফুপাতো ভাই শামীম হোসেন বলেন, শিক্ষকের থাপ্পড়ে রাকিবুলের বাঁ কানে রক্তক্ষরণ হয়। এরপর থেকে বাঁ কানে সে কিছু শুনতে পাচ্ছে না।
শিক্ষক আবু হানিফ বলেন, হাজিরা খাতায় স্বাক্ষর না দেওয়া ও পরীক্ষাকেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টির কারণে তাকে শাসন করা হয়েছে। আহত করার মতো আঘাত তিনি করেননি।
পরীক্ষাকেন্দ্রের সচিব ও বিদ্যালয়টির প্রধান শিক্ষক মিজানুর রহমান বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের সেকায়েপ প্রকল্পের অধীনে আবু হানিফকে দুই বছরের জন্য বিজ্ঞান বিষয়ে এই বিদ্যালয়ে নিয়োগ দেওয়া হয়। পরীক্ষার্থীকে মারধরের অভিযোগে কেন্দ্রের দায়িত্ব থেকে আবু হানিফকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ বিষয়ে বিভাগীয় ব্যবস্থা নিতে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে অবহিত করা হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম নাসিম আখতার বলেন, ওই শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে গতকালই সেকায়েপ প্রকল্পের উপপরিচালকের কাছে সুপারিশ করা হয়েছে।