শিক্ষকের দাবিতে আগামীকাল থেকে সড়ক বন্ধ ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের রুমা উপজেলার একমাত্র মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান রুমা পাইলট সরকারি উচ্চবিদ্যালয়ে শিক্ষকশূন্যতায় সাড়ে চার শতাধিক শিক্ষার্থীর শিক্ষাজীবন অনিশ্চিত হয়ে পড়েছে। গত জুন থেকে একজন শরীরচর্চা ও একজন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছাড়া সেখানে আর কোনো শিক্ষক না থাকায় বিদ্যালয়টি অচল হয়ে পড়েছে। গতকাল বৃহস্পতিবার রুমা উপজেলা শিক্ষা কমিটির ব্যানারে সমাবেশ থেকে আগামীকাল শনিবার থেকে রুমার সড়ক ও নৌপথসহ সব যোগাযোগ বন্ধ করে দেওয়া হবে বলে ঘোষণা দেওয়া হয়েছে। বিদ্যালয়-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জুনের আগে পাঁচজন শিক্ষক কর্মরত থাকলেও প্রধান শিক্ষকসহ দুজনকে বদলি করা হয়েছে। আরও তিনজন শিক্ষক থেকে একজনকে এক বছরের জন্য প্রশিক্ষণে পাঠানো হয়েছে। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুল আজিজ বলেছেন, এবার নিয়মিত-অনিয়মিত ১৫৫ জন ছাত্রছাত্রী এসএসসি পরীক্ষায় অংশ নেবে। পরবর্তী সময়ে বিদ্যালয়ে শিক্ষক দেওয়া হবে। কিন্তু এ মুহূর্তে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারীদের ব্যাপারে বিশেষভাবে বিবেচনায় নেওয়া হচ্ছে। রুমা উপজেলা শিক্ষা কমিটি গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় শিক্ষকের দাবিতে বিক্ষোভ মিছিল বের করে। রুমা বাজার এলাকায় বিক্ষোভ-সমাবেশে সভাপতিত্ব করেন শিক্ষা কমিটির আহ্বায়ক লুপ্রু মারমা। আরও বক্তব্য দেন বিশ্বজিৎ চৌধুরী, নুলা খুমি, থোয়াইসানু মারমা, পলাশ চৌধুরী প্রমুখ। শিক্ষা কমিটির আহ্বায়ক লুপ্রু মারমা আগামীকাল শনিবার থেকে অনির্দিষ্টকালের জন্য রুমার সব সড়ক ও নৌপথ বন্ধ করে দেওয়ার ঘোষণা দেন। রুমা উপজেলা চেয়ারম্যান অংথোয়াইচিং মারমা বলেছেন, উপজেলা পরিষদ থেকে শিক্ষকশূন্যতার বিষয়টি বারবার মাধ্যমিক শিক্ষার উপরিচালককে জানানো হয়েছে। কিন্তু কোনো কাজ হয়নি।